২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকারি বাজারে কমিশন নির্ধারণের উদ্যোগ

বাজারদর নিয়ন্ত্রণের জন্য পাইকারি বাজারে কমিশন ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবে বিডিআর। একই সঙ্গে খুচরা বাজার কমিটিগুলোকেও আরও কার্যকর করা হবে। প্রতিদিন সকালে খুচরা বাজারে বিক্রয় মূল্যের তালিকা টানিয়ে দেবে এ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজারদর নিয়ন্ত্রণের জন্য পাইকারি বাজারে কমিশন ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবে বিডিআর। একই সঙ্গে খুচরা বাজার কমিটিগুলোকেও আরও কার্যকর করা হবে। প্রতিদিন সকালে খুচরা বাজারে বিক্রয় মূল্যের তালিকা টানিয়ে দেবে এ কমিটি। বুধবার বিডিআর সদরদপ্তরে যৌথবাহিনী, গণমাধ্যম কর্মী ও কাঁচাবাজার ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। বিডিআর এর পরিচালক (অপারেশন) কর্নেল মোহাম্মদ আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। সভায় কর্নেল হালিম বলেন, রাজধানীর পাঁচটি পাইকারি বাজারে যৌথবাহিনীর সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। বিডিআরের ট্রেড অ্যান্ড কমার্স মনিটরিং সেল কেন্দ্রীয়ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, "খুচরা বাজারের সমিতি প্রতিদিন সকালে বিক্রয়মূল্য তালিকা টাঙিয়ে দেবে। ইনসাফযোগ্য দামে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করবে বাজার কমিটি। তারা ব্যর্থ হলে আমরা যাবো। এছাড়া পাইকারি বাজারে যৌক্তিক হিসাবে লাভ করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে।" যাত্রাবাড়ী আড়তের প্রতিনিধি মো. আলাউদ্দিন চৌধুরী সভায় বলেন, "পাইকারি বাজারে বিভিন্ন সময় বিভিন্ন হারে কমিশন রাখা হয়। সেখানে কাঁচামালের কমিশন নির্দিষ্ট করে দেওয়া উচিত। তাহলে আর দাম হুট করে বাড়বে না।" গড়ে শতকরা পাঁচ টাকা হিসাবে কমিশন দিলেই পাইকারি ব্যবসায়ীদের লাভ হবে বলে জানান তিনি। খিলক্ষেত কাঁচাবাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, "পাইকারি বাজারের ভাউচার দেখে খুচরা বিক্রেতাদের জন্য বাজারে বিক্রি মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। কাঁচামালের ক্ষেত্রে ৫-৬ টাকা লাভ করা হবে। কেউ এর চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেবে বাজার কমিটি।" বৈঠকে জানানো হয়, কারওয়ানবাজার, শ্যামপুর বাজার, যাত্রাবাড়ী বাজার, মিরপুর শাহ আলী মাজার বাজার ও টঙ্গী বাজারে পাঁচটি মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। দিনে ছয় ঘণ্টা পর পর সেলের সদস্যা বাজারমূল্য তদারকি করছে। বাজার মূল্য নিয়ে ক্রেতারা এসব সেলে অভিযোগ করতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৯৫১ ঘ.