ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি কোনো ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান ওই ব্যাংকে পরামর্শক হতে পারবেন না। নতুন এ নীতিমালা করে মঙ্গলবার একটি আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আদেশে বলা হয়, "বেসরকারি ব্যাংকগুলো তাদের প্রয়োজনে ট্যাক্স, আইন ও মামলা, প্রকৌশল, কারিগরি এবং তথ্য প্রযুক্তি ইত্যাদি কাজে পরামর্শক নিয়োগ করতে পারবে। তবে কোনো ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা চেয়ারম্যানকে ওই ব্যাংকে পরামর্শক হিসাবে নিয়োগ দেয়া যাবে না।"
এতে আরো বলা হয়, "মাসিক বা এককালীন বেতন-ভাতার বাইরে পরামর্শকদের অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা দেওয়া যাবে না।"
আদেশে বেসরকারি ব্যাংকগুলোকে জানানো হয়, দুই বছর মেয়াদে কোনো ব্যাংকে পরামর্শক নিয়োগ দেয়া যেতে পারে। কাউকে পরামর্শক পদে নিয়োগ দেওয়ার পর সঙ্গে সঙ্গে তা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে।
বর্তমানে ১৪টি বেসরকারি ব্যাংকে ২০ জন পরামর্শক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমএসবি/২৩০৫ ঘ.
bdnews24