ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকারদের দাবির পরিপ্রেক্ষিতে এলসিসহ (ঋণপত্র) সব ধরনের ব্যাংকিং উপকরণের ঋণের বিপরীতে প্রভিশন (সঞ্চিতি) শুন্য দশমিক ৫০ শতাংশ রেখে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক।
৬ আগস্ট জারি করা এক আদেশে ১ শতাংশ প্রভিশন সংরক্ষণের নতুন নিয়ম চালু করা হয়। মঙ্গলবার সংশোধিত আদেশে প্রথম এক বছরের জন্য তা অর্ধেকে নামিয়ে আনা হলো। এদিনই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সংশোধিত আদেশটি পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এই নতুন বিধান কার্যকর হবে। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে এই বিষয়ে প্রস্তুতি নিতে হবে। প্রথম এক বছর অর্থাৎ ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত শুন্য দশমিক ৫০ শতাংশ এবং ২০০৯ সাল থেকে ১ শতাংশ প্রভিশন রাখতে হবে।
এর আগে ৬ আগস্ট জারি করা আদেশে বলা হয়েছিল, "ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ব্যাংক ঋণের মতো এলসি, বিভিন্ন বন্ড, গ্যারান্টিসহ সব ধরনের ব্যাংকিং উপকরণের বিপরীতে দেওয়া ঋণ এবং আর্থিক সুবিধার বিপরীতে প্রভিশন (সঞ্চিতি) রাখতে হবে।"
এ পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে বলেও আদেশে দাবী করা হয়।
কিন্তু আদেশটি জারির পর ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) আনুষ্ঠানিক বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল।
নতুন এ নিয়মের ফলে ব্যাংকগুলোর মুনাফা অনেক কমে যাবে। ব্যাংকগুলো শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না বলে মত ব্যক্ত করেছিলেন এবিবির সভাপতি এম আমিনুজ্জামান। তিনি বলেছিলেন, এ পদক্ষেপের নেতিবাচক প্রভাব সরাসরি ব্যাংকিং খাতে পড়বে। তিনি প্রতি বছর শুন্য দশমিক ২৫ শতাংশ করে প্রভিশন রেখে চার বছর পর ১ শতাংশ করার দাবি জানিয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/জিএনএ/২১৩০ ঘ.
bdnews24