ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা ও উর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাত্র কয়েক দিন আগের বন্যায় দেশের বড় একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। এরপর আবার নতুন বন্যা শুরু হয়েছে। এর পাশাপাশি উর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ আমাদের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।"
পান্থপথে বিটিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত 'নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার উপায়' শীর্ষক এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি আবদুল হাই সরকার ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান মুরাদ ।
গভর্নর বলেন, ''গত পাঁচ বছর ধরে পাশের দেশগুলোর মতো বাংলাদেশেও জিডিপি প্রবৃদ্ধি সন্তোষজনক। ২০০৫-০৬ অর্থবছরে এখানে ছয় দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০০৬-০৭ অর্থবছরে ছয় দশমিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত শতাংশ। তবে বন্যা এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপরও আমি আশা করছি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।''
তিনি বলেন, ''বাংলাদেশের অর্থনীতির সামনে এখন দুটি চ্যালেঞ্জ। একটি বন্যা ও অন্যটি মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২ শতাংশ। জুলাই মাসে তা বেড়ে দুই অংকে পৌঁছেছে।''
সালেহউদ্দিন আহমেদ বলেন, ''আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ খাদ্যপণ্য ও খাদ্য বর্হিভূত পণ্যের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। সুতার অস্বাভাবিক দাম বাড়ার কারণে দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প সঙ্কটে পড়েছে।''
বিটিএমএ সভাপতি বলেন, ''গত তিন-চার মাসে আন্তর্জাতিক বাজারে সুতার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।"
তিনি বলেন, ''আন্তর্জাতিক বাজারে সুতার দাম এখন প্রায় প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় ঝুঁকি থাকলেও আমাদের জন্য ''হেজ ফান্ড ট্রেড" ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ ব্যবস্থায় আমরা ব্যাংকের মাধ্যমে বিক্রেতার কাছ থেকে নির্দিষ্ট দামে অগ্রিম সুতা কেনার জন্য চুক্তি করব। পরে দাম বাড়লে বা কমলেও চুক্তি অনুসারে সুতার দাম নির্ধারিতই থাকবে।"
এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও গভর্নর বলেন, বিষয়টি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না। সরকারের উপরের মহলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯৫৮ ঘ.
bdnews24