ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিছুদিনের মধ্যেই সরকারি মালিকানাধীন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) প্রশিক্ষণ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার অর্থ উপদেষ্টা একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই সভাপতি আবদুল্লাহ বোখারী, বিশেষ অতিথি ছিলেন এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দীকী ও এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহমেদ চৌধুরী।
উপদেষ্টা বলেন, "যমুনা বহুমুখী সেতু, তিতাস গ্যাস, বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি), ব্যাংক ও তেল কোম্পানিসহ বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে কাজ করছে সরকার।"
পরিবারকেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে না আসায় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, "ব্যবসা প্রসারের ব্যাপারে তাদের (পরিবারকেন্দ্রীক প্রতিষ্ঠান) ভবিষ্যত পরিকল্পনার অভাব রয়েছে। দূরদর্শিতা থাকলে তারা সহজেই বুঝতে পারতেন, পুঁজি বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে পুঁজিবাজার।""
এ ব্যপারে তিনি ভারতের 'টাটা' ও 'রিলায়েন্স' গ্র"পের উদাহরণ দেন।
উপদেষ্টা জানান, বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ব্যপারে আইন সংশোধনের কাজ শেষ হয়ে তা প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে।
তিনি জানান, বিটিটিবির সম্পত্তির দাম নির্ধারণ সময়সাপেক্ষ হওয়ায় এ প্রতিষ্ঠানের শেয়ার ছাড়তে কিছুটা দেরি হবে।
১৯৯৬ সালের পুঁজিবাজার ধসের কথা উল্লেখ আজিজুল ইসলাম বলেন, পুঁজিবাজার এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। বাজারের অগ্রগতি অব্যহত রাখার জন্য যৌথ প্রয়াসের ওপর গুরুত্ব দেন তিনি।
বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীরা যথেষ্ট উৎসাহ আছে জানিয়ে তিনি বলেন, "বিনিয়োগকারীদের জন্য নয়, বরং শেয়ার ছাড়ার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর জন্য রোড-শো করা প্রয়োজন।"
এসইসি চেয়ারম্যান এ সময় জানান, "বাজারে শেয়ারের ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ যথেষ্ট কম। দীর্ঘমেয়াদি সুফলের জন্য শেয়ারের সরবরাহ বাড়াতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/২০৩২ ঘ.
bdnews24