ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের আস্থার কারণে বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় রোববার সপ্তাহের শুরুতেই চাঙা ছিল শেয়ার বাজার।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি) প্রধান জিয়াউল হক খন্দকার অবশ্য জানান, "কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অনেকখানি বেড়েছে। বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।"
দিনশেষে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়া অব্যহত রয়েছে। বীমা প্রতিষ্ঠান ও কম মূলধনী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও বেড়েছে। তবে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারের দাম কমছে। ওঠা-নামা করেছে মিউচুয়াল ফান্ড, ওষুধ ও সিমেন্ট খাতের শেয়ারের দাম।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৫ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২৫৯৯ দশমিক ৬৯ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩২ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ২১৫৯ দশমিক ২৬ পয়েন্ট।
ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ০৭ পয়েন্ট বা এক দশমিক ১৭ শতাংশ বেড়ে ২০৮০ দশমিক ৫০ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১৮৮ কোটি টাকার ৮১ লাখ ৬৩ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
ব্যাংক, বিদ্যুৎ ও চামড়া খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
রোববার সিএসইতে ২৪ কোটি এক লাখ ৯০ হাজার টাকার ১৫ লাখ ৭৮ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫১টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত ছিল।
রোববার লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৮ দশমিক ৫৮ শতাংশ বেড়ে হয়েছে ১২৮১ টাকা ২৫পয়সা। এদিন সবচেয়ে বেশি দামে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৬৬৮ টাকা ৭৫ পয়সা হয়। ডেসকো'র শেয়ারের দাম এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ১১৬৬ টাকা।
ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ২১ শতাংশ বেড়ে রেকর্ড ৪৫০৬ টাকা ৫০ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ার ২ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ২৩৯২ টাকা ৭৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল নিলয় সিমেন্ট, কর্ণফুলী ইন্সুরেন্স এবং এপেক্স স্পিনিং। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ফার্মা এইড, পপুলার লাইফ এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২১৫৬ ঘ.
bdnews24