২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি লজ্জাবতী লতার মতো বসে আছে: আতিউর রহমান

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তার ভাষায়, দেশের অর্থনীতি লজ্জাবতী লতার মতো বসে আছে। কোনো নড়াচড়া নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডমকম) - পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তার ভাষায়, দেশের অর্থনীতি লজ্জাবতী লতার মতো বসে আছে। কোনো নড়াচড়া নেই। বৃহস্পতিবার সকালে ''বাজেট সহজপাঠ'' বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আতিউর রহমান বলেন, ''পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে। গ্রাম থেকে শহরে, মাঠে-ময়দানে কোথাও কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। সব কিছুই যেনো থমকে আছে। নতুন কর্মসংস্থান হচ্ছে না। উল্টো হাজার হাজার শ্রমিক ছাঁটাই হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হারও হতাশাজনক। এর আগে কখনও এমন অবস্থা হয়নি।'' যমুনা সেতুর উদাহরণ টেনে তিনি বলেন, ''যমুনা সেতু নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি ওই এলাকার আশেপাশে এক ধরনের উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছিল। হাজার হাজার বেকার লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছিল। এখন সেই উন্নয়নের সুফল সারা দেশেল মানুষ ভোগ করছে।'' তিনি বলেন, ''চলতি বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় হচ্ছে প্রশাসনে। আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন আর নির্বাচনী কাজেও ব্যয় বেড়েছে।'' আতিউর রহমান বলেন, ''মূল্যস্ফীতির উর্ধ্বগতি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। অন্যদিকে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণও বাড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি খাত। সব মিলিয়ে কঠিন এক সময় পার করছে দেশের অর্থনীতি। এ অবস্থায় কৃষি উৎপাদন বাড়ানো না গেলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাবে না।" রাজধানীর শাহবাগে উন্নয়ন সমুন্বয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির। তিনি তার ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণে জানান, তার ইউনিয়নে সবার মতামতের ভিত্তিতে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ফলে কোথা থেকে টাকা আসছে আর কোথায় ব্যয় হচ্ছে তার সবই জানতে পারে এলাকার জনগণ। এভাবে বাজেট ঘোষণা শুরুর পর থেকে তার এলাকায় সব দিক দিয়েই ব্যাপক উন্নয়ন ঘটেছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে আতিউর রহমান সাংবাদিকদের বলেন, ''বাজেটের মতো সংবিধানেরও 'সহজপাঠ' প্রকাশের কাজ শুরু করেছে সমুন্নয়। বিচারপতি গোলাম রাব্বানী এ বিষয়ে কাজ করছেন।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৭২৭ ঘ.