ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার অস্থিরতার কারণে টানা সাত দিন চাঙা থাকার পর বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে দেখা দিয়েছে মন্দাভাব।
দিনের শুরুতেই লেনদেনে এ মন্দাভাব দেখা দেয়। মাঝবেলায় এসে মূল্যসূচক উর্ধ্বমুখী ধারায় ফিরলেও গতকালের তুলনায় এখনো সূচককাঁটা নিচেই রয়ে গেছে।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দুই দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে দুই হাজার ৫৩৮ দশমিক ৮২ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক দুই দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে দুই হাজার ১১৬ দশমিক ৬২ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১০০ কোটি টাকা সম মূল্যমানের ৪৫ লাখ ৭২ হাজার ৯২৯টি শেয়ার। লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৭১টির ও ১৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
১২টা ২০মিনিট পর্যন্ত লেনদেনে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। তবে এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৬৬৪ টাকা ২৪ পয়সা থেকে কমে ৬৫৮ টাকা হয়েছে। অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ১৪০ টাকা থেকে বেড়ে এক হাজার ১৫০ টাকা হয়েছে। কমে গেছে ডেসকোর শেয়ারের দাম। এই প্রতিষ্ঠানের শেয়ার এক হাজার ১৪০ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ১৩৮ টাকা হয়েছে।
এ ছাড়া সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৩২৫ টাকা থেকে বেড়ে এক হাজার ৩২৭ টাকা এবং এবি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৩০৬ টাকা থেকে বেড়ে দুই হাজার ৩২০ টাকায় লেনদেন হচ্ছে।
দাম বেড়েছে ইউসিবিএল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, হেইডেলবার্গ সিমেন্টের আর কমেছে ন্যাশনাল ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসি/১৪১৬ ঘ.
bdnews24