ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কারণে ব্যবসায়ীদের সাময়িক সমস্যা হলেও শেষ পর্যন্ত তারাও এর সুফল পাবেন। একইসঙ্গে সেনা প্রধান মইন উ আহমেদ ব্যবসায়ীদের নিশ্চয়তা দিয়ে বলেছেন, তাদের অযথা হয়রানি করা হবে না।
বুধবার রাজধানীর হোটেল র্যাডিসনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত 'বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রেক্ষাপট' শীর্ষক এই মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, সারা দেশের ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।
এফবিসিসিআইয়ের পরিচালক মোতালেব হোসেন বলেন, "যৌথ বাহিনীর সদস্য থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা ব্যবসায়ীদের অযথা হয়রানি করছেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না।"
এফবিসিসিআইয়ের পরিচালক হারুনুর রশিদ ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নানসহ আরো কয়েকজন ব্যবসায়ী নেতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও বন্দর সমস্যা সমাধানে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের কাছে নির্ভয়ে ব্যবসা করার নিশ্চয়তা চেয়ে তারা বলেন, ভয় দূর করতে না পারলে সমস্যা থেকেই যাবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ পড়েন সেনা প্রধান মইন উ আহমেদ। 'আর নয় দ্বিধা, এখন শুধু নির্ভীক চিত্তে সামনের দিকে এগিয়ে চলা' ও 'দ্য চ্যালেঞ্জ-ই' শিরোনামের দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক এম এ রউফ চৌধুরী ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক। এ ছাড়া ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, বাংলাদেশের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমানও বক্তৃতা দেন।
পরে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০ জন ব্যবসায়ী নেতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "বর্তমান সরকার সমাজের প্রতিটি স্তরে সংস্কার করতে প্রতিশ্র"তিবদ্ধ। আমাদের সব সংস্কারের প্রধান লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা ও নির্বাচন অনুষ্ঠান হলেও দেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশও তৈরি করতে চাই আমরা। আর এ ধরনের একটি পরিবেশ তৈরির জন্য বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস জরুরি।"
তিনি আরও বলেন, "সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের নেওয়া কিছু পদক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে সে ব্যাপারে আমরা সচেতন। এমন একটি তাৎপর্যপূর্ণ ও দ্রুত পরিবর্তনশীল সময়ে এ রকম ঘটা অস্বাভাবিক নয়। তবে আমি বলব, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে আমাদের নেওয়া পদক্ষেপগুলো শেষ পর্যন্ত বেসরকারি খাতের উন্নয়নে সহায়ক হবে। আপাতত হয়তো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে নিবিড় মতবিনিময়ের মাধ্যমে আমরা তার সমাধানের চেষ্টা করছি।"
ব্যবসায়ীদের আস্থা ফেরাতে প্রধান উপদেষ্টা চারটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি জানান, ব্যবসায়ীদের হয়রানি ও অনিশ্চয়তা দূর করতে সরকার একটি উচ্চ পর্যায়ের রেগুলেটরি রিফর্ম কমিটি করবে। বিভিন্ন সরকারি পদক্ষেপের ব্যাপারে ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ফোরাম গঠন করা হবে। বেপজা ও ইপিবির মতো নির্দিষ্ট কিছু সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এসব পদক্ষেপের ফলাফলও মূল্যায়ন করবে সরকার।
মইন উ আহমেদ লিখিত বক্তব্যে বলেন, "আমাদের লক্ষ্য সম্পর্কে সজাগ থেকে এবং জাতি গঠন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সংস্কারের গুরুত্ব বিবেচনা করে দেশের বর্তমান পরিবর্তনের ধারাকে আমি একটি 'নতুন সামাজিক চুক্তি' হিসেবে অভিহিত করতে চাই।"
বর্তমান সরকারকে একটি 'সংস্কারবাদি তত্ত্বাবধায়ক সরকার' অভিহিত করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো দ্রব্যমূল্য, সংস্কার ও ব্যবস্থাপনা উন্নয়নের কারণে চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেও ধৈর্য্য ধরায় তিনি দেশবাসীকে সাধুবাদ জানান।"
সেনাবাহিনী প্রধান বলেন, "কিছু ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে এই সরকারের রাজনৈতিকভাবে জনপ্রিয় হওয়ার কথা নয়।" তবে তিনি জানান, সরকারের কার্যক্রমে দেশের 'প্রতিটি' মানুষের 'নীরব সমর্থন' রয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
জেনারেল মইন অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে ১১ দফা প্রস্তাব রাখেন এবং এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটির্ র্অন্তবতীকালীন উন্নয়ন তহবিল গঠনের পরামর্শ দেন।
পরে প্রশ্নোত্তর পর্বে ব্যবসায়ীদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ট্রেড লাইসেন্স পেতে ব্যবসায়ীদের যাতে কোনো ঝামেলা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হয়রানি আতঙ্ক প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, "আমি নিশ্চিত করে বলতে চাই, কোনো ব্যবসায়ীকেই অযথা হয়রানি করা হবে না। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করুন। কোনো ভয় নেই।"
তিনি আরো বলেন, "চলতি মাসের মধ্যেই দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের কাজ শেষ হবে। এখন পর্যন্ত ১৪২ জনকে দুর্নীতির কারণে তালিকাভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ২২০ এর বেশি হবে না। তবে এসব কিছু শেষ হবে চলতি মাসের মধ্যে অর্থ্যাৎ ১ অক্টোবরের আগে। এরপরও যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
দেশের বিদ্যুৎ সঙ্কটের কথা স্বীকার করে নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ''বর্তমান সরকার বিদ্যুৎ সমস্যা সমমাধেরর বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রীডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। নতুন কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। আশা করছি, আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ বিদ্যুতের উৎপাদন আরও ৮০০ মেগাওয়াট বাড়বে।''
তিনি বলেন, ''প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রেমিটেন্স বাড়াতে আরো দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে। সেইসঙ্গে জনশক্তি রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে বের করতে হবে।''
ব্যাংক ঋণের সুদের হার কমানো সংক্রান্ত ব্যবসায়ীদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ''বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের সুদের হার নির্ধারণ করে দেয় না। ব্যাংকগুলো নিজেরাই তা ঠিক করে। শিল্পপতিরাই অধিকাংশ ব্যাংকের মালিক। তারা চাইলেই ব্যাংক ঋণের সুদের হার কমাতে পারেন। সেই সঙ্গে আমানতকারীদের কথাও তাদের বিবেচনায় রাখা উচিৎ। ব্যাংক ঋণের সুদের হার ও আমানতের সুদের হার যথাসম্ভব কম হওয়া উচিৎ।''
পুঁজি বাজার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফখরুদ্দীন আহমদ বলেন, ''আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ডকে (বিটিটিবি) কোম্পানিতে রূপান্তর করা হবে। এছাড়া পদ্মা, মেঘনা ও যমুনা তেল কেরম্পানিসহ সরকারি মালিকানাধীন আরো কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার খুব শিগগিরই বাজারে ছাড়া হবে। ওষুধ রফতানি বাড়াতে একটি কমিটি করা হবে।"
অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। সরকার ও ব্যবসায়ীরা যৌথভাবে কাজ করলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।"
আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়ায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই এর পরিচালক এম এ রউফ চৌধুরী বলেন, "বাংলাদেশ দরিদ্র নয়। দারিদ্র্য আমাদের মনে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা এ অভিশাপ থেকে মুক্ত হতে পারবো।"
তিনি আরও বলেন, "আমরা চাই আজকের পর থেকে ব্যবসায়ীদের মনে আর কোনো ভয় থাকবে না।"
বিজিএমইএ এর সাবেক সভাপতি আনিসুল হক বলেন, "ব্যবসায়ীরা দেশের মেরুদণ্ড। তাদের মধ্যে আতঙ্ক কাজ করলে দেশের মেরুদণ্ড ভেঙে যাবে। ব্যবসায়ীদের মনে আস্থা ফিরিয়ে আনতে এখনই পদক্ষেপ নিতে হবে।"
মতবিনিময় সভায় আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফ এর সব শর্ত মানতে হবে এমন কোনো কথা নেই। তাদের শর্ত মানার আগে ব্যবসায়ীদের স্বার্থ দেখা উচিত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর
ডটকম/এআরএইচ/এএল/এসি/এসএনডি/জেকে/এমআই/এমএ/এমএইচবি/১৮১৪ ঘ.
bdnews24