ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ীদের মধ্যে আস্থার অভাব আছে বলে যে দাবি করা হচ্ছে সেটা নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার তিনি বলেন, অর্থনীতির সূচকগুলো এই বক্তব্যকে সমর্থন করে না।
অর্থ উপদেষ্টা জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যবসায়ীদের আস্থা আরো বাড়ানোর উপায় খুঁজে বের করার জন্য সরকার একটি বৈঠকের পরিকল্পনা নিয়েছে।
সমস্যাগুলো িক সেটা জানার জন্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ এবং সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বুধবার ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনায় বসবেন।
বুধবার প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান ও ব্যবসায়ীদের নির্ধারিত বৈঠক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
মির্জ্জা আজিজুল অর্থ মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের আরো কি কি করণীয় আছে সে সম্পর্কে আমরা পরামর্শ পেতে চাই।"
তিনি বলেন, "আমদানি, রপ্তানি, রেমিটেন্স, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং মূলধনী যন্ত্রাংশ আমদানিসহ অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করেছি এবং দেখেছি সূচকগুলোর অধিকাংশই সঠিক পথে এগুচ্ছে।"
তিনি জানান, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম যে 'আস্থাহীনতার' কথা উল্লেখ করছে এই সূচকগুলো তা সমর্থন করে না। তবে মূলধনী যন্ত্রাংশ আমদানিসহ দু'একটি সূচকের অবস্থা ভালো নয় বলে তিনি স্বীকার করেন।
উপদেষ্টা বলেন, "ধারণাটি (আস্থা) কতটা বাস্তব-ভিত্তিক এবং সরকারের কোন কোন পদক্ষেপ ব্যবসায়ীদের আস্থা নষ্ট করেছে সেগুলো বৈঠকে আলোচনা করা হবে।"
তিনি জানান, আগের অর্থবছরের পরিমাণের তুলনায় ২০০৬-০৭ অর্থবছরে চাল, ডাল, গম ও অপরিশোধিত তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেশ ভালো ছিল।
মির্জ্জা আজিজুল জানান, ২০০৬-০৭ অর্থবছরে ৭ লাখ ১৪ হাজার টন চাল, ১৭ লাখ ৫২ হাজার চন গম, ১০ লাখ ৫৩ হাজার টন অপরিশোধিত তেল ও ৪ লাখ ২৫ হাজার টন ডাল আমাদনি করা হয়।
তিনি বলেন, " নিত্যপ্রয়োজনীয় পণ্য আমাদানির এ পরিমাণ আগের অর্থবছরের তুলনায় বেশি।"
পণ্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের দাম বেড়েছে। এছাড়া, ভোক্তাদের বাড়তি চাহিদার সঙ্গে তাল রেখে স্থানীয় উৎপাদনও বাড়েনি বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ২০০৫-০৬ এর তুলনায় ২০০৬-০৭ অর্থবছরে মাথাপিছু আয় ১১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। তবে বর্ধিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্য সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি।
উপদেষ্টা বলেন, "চাহিদা ও যোগানের মধ্যে ঘাটতি কমিয়ে আনতে সরকার আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদন বাড়ানোরও চেষ্টা করছে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হার এক বছর আগের ১৮ শতাংশ থেকে কমে ২০০৬-০৭ অর্থবছরে ১৫ শতাংশ হয়েছে। তবে এ সময়ের মধ্যে শিল্প খাতে দীর্ঘ মেয়াদী ঋণ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24