ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংকিং খাতের শেয়ারের কল্যাণে প্রথমবারের মতো ২৫০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার দিনের মাঝামাঝিতে এসে সাধারণ মূল্যসূচক বা ডিজিইএন এ নতুন রেকর্ড করে।
ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ-১৯৯১ এ সংশোধনী এনে ব্যাংকগুলোর মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করার সরকারি সিদ্ধান্তে এ খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। সরকার গেল সপ্তাহে এ সম্পর্কিত অধ্যাদেশটির সংশোধনীর অনুমোদন করে।
এ সিদ্ধান্তের পর ১০০ কোটির কম মূলধন থাকা কোনো কোনো ব্যাংকের শেয়ারের দাম আগের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ দামে লেনদেন হতেও দেখা যায়। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দাম পড়ে গেছে বিদ্যুৎ খাতের কোম্পানির শেয়ার।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বা দুই দশমিক ২২ শতাংশ বেড়ে দুই হাজার ৫০১ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৪৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দুই দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দুই হাজার ১০৯ দশমিক ৬১ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
লেনদেন হওয়া ১৭৪ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৭৮টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। লেনদেন হয়েছে ১১১ কোটি টাকা দামের মোট ৩৯ লাখ ৫৭ হাজার ৬০০টি শেয়ার।
বেলা ১২টা পর্যন্ত বাজারে লেনদেনে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও এবি ব্যাংক। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৫০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এ পর্যন্ত সর্বোচ্চ দাম এক হাজার ১২০ টাকায় লেনদেন হয়। এবি ব্যাংকের শেয়ারও সর্বোচ্চ দুই হাজার ৩৮৭ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়েছে। এর আগে বুধবার ব্যাংকটির শেয়ার দুই হাজার ১৭০ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়।
এদিকে, সিটি ব্যাংকের শেয়ারের দাম ৬৭৮ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৭৮০ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দাম ৬১৫ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৬০৯ টাকা ২৫ পয়সা এবং ডেসকোর এক হাজার ১৪২ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ১২৮ টাকায় লেনদেন হয়।
দাম কমেছে প্রাইম ব্যাংকের শেয়ারের। তবে ওয়ান ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পুবালী ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসএইচ/১৪৩৫ ঘ.
bdnews24