ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের পর আমেরিকা ও ইউরোপের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানির ওপর বাধা উঠে গেলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। সে সময় রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এখন থেকেই রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন নতুন বাজার সৃষ্টির সুপারিশ করেছেন ব্যবসায়ী নেতা ও ব্যাংকাররা।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনকোটার্মস ২০০০ (আন্তর্জাতিক বাণিজ্য বিধিমালা) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোাধনী অনুষ্ঠানে তারা এ সুপারিশ করেন। জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের (জিটিজেড) সহযোগিতায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)- বাংলাদেশ এ কর্মশালায় আয়োজন করে।
অনুষ্ঠানে আইসিসি-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, "দেশের মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এ পোশাকের সবচেয়ে বড় বাজার আমেরিকা ও ইউরোপ। কিন্তু ২০০৮ সালের পর এই দুই বাজারে চীনের পোশাক রপ্তানির ক্ষেত্রে আরোপিত বাধা তুলে নেওয়া হলে বাংলাদেশের রপ্তানি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। সে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকবে কিনা- সেটাই এখন বড় উদ্বেগের বিষয়।"
তিনি বলেন, "২০০৮ সালের পর চীন অন্য পণ্যের মতো অপেক্ষাকৃত কম দামে পোশাক রপ্তানির জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ পরিস্থিতিতে চীনের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এজন্য বর্তমান রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে এখন থেকেই রপ্তানি পণ্যের তালিকা বাড়ানো এবং নতুন নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন।"
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআিই) কমে গেছে দাবি করে মাহবুবুর রহমান বলেন, "বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব দীর্ঘদিন ধরে ঝুলে আছে। সরকার বা বিনিয়োগ বোর্ডের উচিৎ ভালো বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।"
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন, "আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিধিমালা দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে রপ্তানিকারকদের প্রয়োজন সরকার, বিভিন্ন বাণিজ্য সংগঠন, ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা।"
সিটিব্যাংক এনএ-এর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশিদ আমদানি-রপ্তানির ক্ষেত্রে খরচ ও সময়ের অপচয় রোধ করতে আন্তর্জাতিক বাণিজ্যের বিধিগুলো সঠিকভাবে অনুসরণের পরামর্শ দেন।
আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ পাভেল অ্যান্ডেরলি কর্মশালা পরিচালনা করেন। এতে তৈরি পোশাক রপ্তানির সঙ্গে জড়িত ১৬১ জন অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৬৫০ ঘ.
bdnews24