সোহেল পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম অর্থনীতি প্রতিবেদক
ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নানা কারণে বিগত কয়েক মাস ধরে ধীর হয়ে আসছে অর্থনীতির চাকা। বন্যার পর কৃষকরা এবছর বাম্পার ফলনের দেখা পাবেন এই আশার বিষয়টুকু বাদ দিলে অর্থনীতির মূল সূচকগুলো সামনের দিনগুলোর জন্য শঙ্কার কথাই জানাচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, দুর্নীতির বিরুদ্ধে ও কর আদায়ের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ব্যবসায়ীদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে, এ কারণেই অর্থনীতির এই মন্থরতা। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
অর্থনৈতিক সূচকগুলোর মধ্যে মূল্যস্ফীতি পরিস্থিতি অর্থনীতিবিদদের আশঙ্কার অন্যতম প্রধান কারণ। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কড়া মুদ্রানীতির কারণেই মূল্যস্ফীতি বাড়ছে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে খেটে খাওয়া মানুষের ওপর। দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বা সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষের জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকাই কঠিন হয়ে উঠেছে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়িদ বখত এ প্রসঙ্গে বলেন, "মূল্যস্ফীতির লাগাম এখনই টেনে ধরতে হবে। এরই মধ্যে দেশের অধিকাংশ মানুষকে এর জন্য ভুগতে হয়েছে।"
সামগ্রিকভাবে দেশের কৃষি উৎপাদন কমে যাওয়া এবং বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার বিষয়টিও দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বন্যার কারণে কৃষিখাতে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
বিআইডিএস এর আরেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান মনে করেন, জিনিসপত্রের দাম আরও বাড়ার আগেই কৃষি পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
এদিকে রপ্তানী প্রবৃদ্ধিও উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় কর্মসংস্থান খাতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈনি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষক বলেন, "এর ফলে ডলারের বিপরীতে টাকার দাম কমবে এবং আমদানি পণ্যের দাম বাড়বে। আর রপ্তানি কমে গেলে কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হবে।"
২০০৬-০৭ অর্থবছরে দেশের রপ্তানি প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের ২১ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। অর্থাৎ রপ্তানি কমেছে ৫ দশমিক ৯৪ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, চা, পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি কমে যাওয়াই এই পতনের প্রধান কারণ।
বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্ব বাজারে আমাদের পণ্যের দাম কমে যাওয়া এবং বাজার সীমিত হয়ে আসার কারণেই রপ্তানি প্রবৃদ্ধি কমছে।
কেন্দ্রীয় ব্যংকের ওই কর্মকর্তা বলেন, আসন্ন আমন মৌসুমে ভালো ফলনের আশাবাদ, ভোগ্যপণ্যের আমাদানি বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের স্থিতিশীল পরিস্থিতি ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা সন্তোষজনক হওয়ায় সবকিছুর মধ্যেও দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির ইংগিত রয়েছে।
অবশ্য অর্থনীতির অন্য সূচকগুলো এমন স্বস্তিদায়ক অবস্থায় নেই। ২০০৬-০৭ অর্থবছরে ব্যাংকে টাকা জমা রাখা ও সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যথাক্রমে ১৭ দশমিক ০৯ শতাংশ ও ৯ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল যথাক্রমে ১৮ দশমিক ৪২ শতাংশ ও ৩৫ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া মাস ভিত্তিক হিসেবে মুদ্রাস্ফীতির পরিমাণ চলতি বছরের মে মাসের ৮ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে জুন মাসে ৯ দশমিক ২ শতাংশ হয়। ফলে টাকা জমা রাখার ক্ষেত্রে সুদের হারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সঞ্চয় প্রবৃদ্ধি কমে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, "এ মুহূর্তে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তহবিল রয়েছে। কিন্তু সঞ্চয় প্রবৃদ্ধি কমে গেলে তাদের ঋণ দেওয়ায় ক্ষমতা কমে আসবে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হবে দেশের বিনিয়োগ খাত।"
তার মতে, সরকারের দুর্নীতি বিরোধী ও কর আদায় অভিযানের পাশাপাশি সঞ্চয় পত্রের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ বিনিয়োগ পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ বাড়াতে উৎসাহিত হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ অর্থবছরে বেসরকারি খাতের 'ঋণ প্রবৃদ্ধি' আগের অর্থবছরের ১৮ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ১২ শতাংশ হয়েছে। ব্যাংকগুলোতে ১৪ হাজার ২৭৯ কোটি টাকা উদ্বৃত্ত থাকার পরও ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমে যাওয়ায় এমনটি ঘটেছে।
অর্থনীতিবিদ মামুন রশিদ মনে করেন, বর্তমানে অর্থনীতি একটি সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এতে করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিনিয়োগের গতি কমে আসছে। আপাতত এর সমাধান হিসেবে তিনি বলেন, "ব্যবসায়ীদের জন্য অর্থ লেনদেন সহজ করে দিতে হবে এবং নিজেদের সিদ্ধান্তগুলো যাতে তারা নিজেরাই নিতে পারেন সে সুযোগ দিতে হবে।"
তিনি আরো বলেন, "এখন যেটা চলছে তা রাজনৈতিকভাবে পরিচালিত অর্থনৈতিক সংশোধন। এটা স্বল্প মেয়াদি হওয়াই ভালো। তবে এই প্রক্রিয়া দীর্ঘ দিন চললে ফলাফল শুভ হবে না।"
এআইএমএস বাংলাদেশ এর বাজার বিশেষজ্ঞ ইওয়ার সাইদ বলেন, "এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য ব্যাবসা-বাণিজ্যে একটি পরিবর্তন আসা দরকার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/১৮০৪ ঘ.
bdnews24