ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে টানা চতুর্থ দিনের মতো বুধবার দিনের মধ্যভাগে ঢাকার পুঁজিবাজার চাঙা হয়ে ওঠে। মূলত এই দুই খাতের শেয়ার থেকে ভালো মুনাফা লাভের সম্ভাবনায় বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক এক দশমিক ১১ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫২ দশমিক ৮৫ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২২ দশমিক ৭৪ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ বেড়ে দুই হাজার ৫০ দশমিক ৩০ এর ঘরে অবস্থান করছে।
লেনদেনকৃত মোট ১২২টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৬৩টির এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে থাকা শেয়ারের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ার ছিল শীর্ষে। এ কোম্পানির শেয়ার ৬১৩ টাকা থেকে বেড়ে ৬২১ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে কোম্পানিটি এর প্রতি শেয়ারের বিপরীতে চলতি বছরের প্রথম ছয়মাসে ১৭ টাকা ৪৬ পয়সা মুনাফা করেছে বলে ঘোষণা দেয়।
পাওয়ার গ্রিডের পরেই ছিল ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, সামিট পাওয়ার ও ন্যাশনাল ব্যাংকের অবস্থান।
ব্র্যাক ব্যাংকের শেয়ার তাদের এ যাবতকালের সর্বোচ্চ মূল্য এক হাজার ৪৭ টাকায় লেনদেন হচ্ছে। মঙ্গলবার দিনশেষে এর প্রতি শেয়ারের দাম ছিল এক হাজার ৩৯ টাকা।
এদিকে, এবি ব্যাংক তাদের প্রতি শেয়ারের বিপরীতে অর্ধবার্ষিক মুনাফা হিসেবে ১৩৪ টাকা ১৩ পয়সা ঘোষণা দেওয়ার পর ব্যাংকটির শেয়ার দুই হাজার ৪৯ টাকা থেকে বেড়ে এক লাফে দুই হাজার ১৪৫টাকায় লেনদেন হচ্ছে।
ন্যাশনাল ব্যাংকের শেয়ার এক হাজার ১৫৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ২২০ টাকা হয়েছে। এর আগে ব্যাংকটি প্রতি শেয়ারের বিপরীতে গত ছয় মাসে ৪৮ টাকা ০৪ পয়সা মুনাফা আয়ের ঘোষণা দেয়।
বাজারে উত্তরা ব্যাংক, ডেসকো, ইউসিবিএল ও সিটি ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। তবে কমেছে স্কয়ার ফার্মার শেয়ারের দাম। উত্তরা ও ইউসিবিএল ব্যাংকের শেয়ার লেনদেনের সব রেকর্ড ভেঙ্গে এখন সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩১২ঘ.
bdnews24