২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে চার দফা সুপারিশ

উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্পের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এর জনবল স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে নিয়ে নেয়া (সৃজন) এবং সচিবদের ক্ষমতা বাড়ানোসহ চার দফা সুপারিশ করেছে সচিব কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সুপারিশ বিবেচনার জন্য পেশ করা হয়। উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর প্রসঙ্গে সুপারিশে বলা হয়েছে, বর্তমান বিধি অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট জনবলের চাকরির ইতি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 05:46 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা,আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্পের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এর জনবল স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে নিয়ে নেয়া (সৃজন) এবং সচিবদের ক্ষমতা বাড়ানোসহ চার দফা সুপারিশ করেছে সচিব কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সুপারিশ বিবেচনার জন্য পেশ করা হয়। উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর প্রসঙ্গে সুপারিশে বলা হয়েছে, বর্তমান বিধি অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট জনবলের চাকরির ইতি ঘটে। প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার জন্য রাজস্ব খাতের পদে অন্য সকলের মতো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আসতে হয়। তবে ১৯৯৭ সালের ৩০ জুন পর্যন্ত যারা বিভিন্ন সময়ে প্রকল্পে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের রাজস্ব বাজেটে স্থানান্তরিত হওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে প্রচলিত বিধির আওতায় শেষ হওয়া উন্নয়ন প্রকল্পটির সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে রাজস্ব খাতে জনবল সৃজন একটি বড় সমস্যা। প্রকল্প চলাকালেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ কার্যক্রম শুরু করার কথা থাকলেও খুব কম ক্ষেত্রেই তা করা হয়ে থাকে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের কিছু সীমাবদ্ধতার কারণে রাজস্ব বাজেটে জনবল সৃজন দূরুহ হয়ে পড়ে। এর ফলে জনবল সৃজনের পরও পুরনো লোকদের নিয়োগ প্রাপ্তি এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় সচিব কমিটির সুপারিশে এখন থেকে যে সব উন্নয়ন প্রকল্প অনুমোদিত হবে তাতে প্রকল্প চলাকালীন প্রয়োজন ছাড়াও প্রকল্প সমাপ্তির পরের জনবল চাহিদাও একই পদ্ধতিতে পর্যালোচনা করে উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় (ডিপিপি) অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে জনবলের প্রয়োজন থাকলে তাদের প্রচলিত নিয়োগবিধি এবং নিয়োগবিধি না থাকলে তা প্রণয়ন করে সে অনুযায়ী প্রকল্পে নিয়োগ দিতে হবে। প্রকল্প সমাপ্তির পর ওই জনবল স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে সৃজন ও স্থানান্তর হবে। সংস্থাপন মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অবগত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ কাজ করবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। এছাড়া সমাপ্ত ও চলমান প্রকল্পের জনবলের বিষয়টি প্রচলিত বিধি অনুসারে দ্রুত নিস্পত্তি করতে হবে। খুব বেশি প্রয়োজন হলে বিশেষ বিধি প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রাজস্ব বাজেটে জনবল স্থানান্তরের ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। উন্নয়ন কাজে যানবাহন সংগ্রহের সমস্যা প্রসঙ্গে সুপারিশে বলা হয়েছে, যেসব অনুমোদিত প্রকল্পের জন্য যানবাহনের সংস্থান এবং অর্থ বরাদ্দ রয়েছে তা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই প্রচলিত ক্রয়বিধি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। আগের মতো অর্থ বিভাগের কোনো ধরনের অনুমোদন বা সম্মতির প্রয়োজন হবে না। সচিবদের ক্ষমতা বাড়ানো প্রসঙ্গে সুপারিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অর্থবছরের শুরুতে প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা করবেন। তারা নিয়মিত সমন্বয় সভা করে প্রতিটি উন্নয়ন প্রকল্পের সময়ানুগ ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া তাদেরকে প্রতিমাসে একাধিক চলমান প্রকল্প সরেজমিনে পরিদর্শন করতে হবে। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে সচিব কমিটির সুপারিশে স্বায়ত্বশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও সরকারি সংস্থার মতো প্রশাসনিক মন্ত্রণালয় অর্থ বিভাগের সম্মতি ছাড়াই তৃতীয় কিস্তি পর্যন্ত অর্থ ছাড় করতে পারবে। এছাড়া একনেক কর্তৃক সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন হওয়ার পর চতুর্থ কিস্তির অর্থও প্রশাসনিক মন্ত্রণালয় অর্থ বিভাগের সম্মতি ছাড়াই ছাড় করতে পারবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১১২৭ঘ.