ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোরডট কম) - উপদেষ্টা পরিষদের মঙ্গলবারের সভায় ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে 'ব্যাংক কোম্পানি অধ্যাদেশ, ২০০৭' অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহের সংরক্ষিত তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। তথ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ প্রতিবছর ভারতের কাছে ৮০ লাখ পিস তৈরি পোশাক শুল্কমুক্তভাবে রফতানি করবে। উপদেষ্টা পরিষদের সভায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়।
এছাড়া সভায় বেসরকারি বিদ্যুত উৎপাদকদের কাছ থেকে সরকারের বিদ্যুত ক্রয় সংক্রান্ত নীতিমালার দিকনির্দেশনা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী, বেসরকারি খাতের ক্যাপটিভ পাওয়ার প্লান্ট (সিপিপি) থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ দুই টাকা ২৩ পয়সায় কিনবে। সংশোধনীতে সিপিপির সঙ্গে বিদ্যুত ক্রয় চুক্তির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে অনধিক তিন বছর করা হয়েছে।
সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এতে অন্য উপদেষ্টারা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেসসচিবসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোরডট কম/ বিআর/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24