২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও ব্যাংক খাতের রমরমা ভাব অব্যাহত

বিদ্যুৎ ও ব্যাংক খাতের রমরমা ভাব অব্যাহত রয়েছে শেয়ার বাজারে। মঙ্গলবার এ দুটি খাতের সুবাদেই মাঝদিনে চাঙ্গা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। লেনদেনের শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। মঙ্গলবার দিনের মাঝামাঝি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৮ দশমিক ৯৪ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৪২৭ দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিদ্যুৎ ও ব্যাংক খাতের রমরমা ভাব অব্যাহত রয়েছে শেয়ার বাজারে। মঙ্গলবার এ দুটি খাতের সুবাদেই মাঝদিনে চাঙ্গা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। লেনদেনের শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। মঙ্গলবার দিনের মাঝামাঝি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৮ দশমিক ৯৪ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৪২৭ দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কাটা ২৭ দশমিক ৭৯ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৮ দশমিক ৯৩ পয়েন্ট। লেনদেনকৃত মোট ১৪৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৩৯টির এবং ১৫টির দাম রয়েছে অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৬৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার ১৯ লাখ ৭১ হাজার ৭২৯টি শেয়ার। লেনদেনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পর পরই অবস্থান করছে ব্র্যাক ব্যাংক ও সামিট পাওয়ার। বেলা ১১টা ১৯ মিনিটে দেখা গেছে পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৫৯৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৬০০ টাকা ৫০ পয়সা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারও ৯৯৪ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ দামে এক হাজার ২৫ টাকায় লেনদেন হচ্ছে। তবে এক হাজার ৪৮৪ টাকা ৫০ পয়সা থেকে দাম কমে এক হাজার ৪৭৯ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে সামিট পাওয়ারের শেয়ার। ডেসকোর শেয়ারের দাম এক হাজার ১৫২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ১৫৬ টাকায় লেনদেন হচ্ছে। মূলত প্রতি শেয়ারের বিপরীতে অর্ধবার্ষিক মুনাফা হিসেবে ৩৫টাকা দেয়ার ঘোষণায় গত কিছু দিন ধরেই বাড়ছে এই কোম্পানিটির শেয়ারের দাম। এদিকে, ইউসিবিএল এর প্রতি শেয়ারের দাম চার হাজার ১১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে চার হাজার ২৯৮ টাকা ৫০ পয়সা হয়েছে। ব্যাংকটি এর শেয়ারের বিপরীতে ভালো অঙ্কের মুনাফা ঘোষণা করতে পারে এ রকম অনুমানে এর শেয়ারের দাম বেড়েই চলেছে। ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে, গত ছ'মাসে তারা আগের তুলনায় ৫৪ শতাংশ বেশি মুনাফা অর্জন করেছে। এছাড়া লেনদেনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রাইম, উত্তরা, ন্যাশনাল, এবি ব্যাংক ও এপেক্স ফুটওয়্যারের শেয়ারের দামও বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১২৫৫ঘ.