সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মেধাস্বত্ব আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করায় বাংলাদেশকে ২০০৭ এর 'ওয়াচ লিস্ট' এ অর্ন্তভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এ লিস্টের বাইরে থাকার জন্য ওয়াশিংটন মিশনের মাধ্যমে লবিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রভিত্তিক 'ইন্টারন্যাশনাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যালায়েন্স' (আইআইপিএ) বিশ্বব্যাপী মেধাস্বত্ব আইন সংরক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতি বছর প্রতিবেদন তৈরি করে থাকে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সরকার 'স্পেশাল ৩০১ রিপোর্ট' তৈরি করে।
যে সমস্ত দেশ মেধাস্বত্ব আইন মানে না তাদের এই তালিকায় অর্ন্তভুক্ত করে সেখানে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য নিরুৎসাহিত করা হয়।
২০০৪ সালে বাংলাদেশের নাম একবার তালিকার অন্তর্ভুক্ত হলেও ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের উদ্যোগে তা বাদ দেওয়া হয়। এরপর চলতি বছর তালিকায় আবার বাংলাদেশের নাম এসেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
এ বিষয়ে করণীয় ঠিক করতে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশকে এ লিস্টের বাইরে রাখতে ওয়াশিংটন মিশনের মাধ্যমে সর্বাত্মক লবিং করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
বিশ্ববাণিজ্য সংস্থার মেধাস্বত্ব আইন অনুসারে স্বল্পোন্নত দেশগুলো ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এই আইনের বাইরে থাকবে বলা হলেও বাংলাদেশকে 'ওয়াচ লিস্ট' এ অর্ন্তভুক্ত করা অনভিপ্রেত বলে জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজার থেকে পাইরেটেড সিডি জব্দ করার জন্য অভিযান চালানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।"
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াচ লিস্টে আরও ২৭টি দেশ রয়েছে। এরপরও বিষয়টি বাংলাদেশের জন্য উদ্বেগজনক। কারণ, এ দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও বাণিজ্য কমে যাওয়া অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সাতটি বাণিজ্য সংস্থার সমন্বয়ে আইআইপিএ গঠিত। সংস্থাটি বিভিন্ন দেশের মেধাস্বত্ব আইন পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে।
আইআইপিএ ২০০৭ সালের সুপারিশে বলেছে, "বাংলাদেশে মেধাস্বত্ব আইন ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ও চলচ্চিত্র ব্যবসায়ীরা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।"
এবারের ওয়াচ লিস্টে অর্ন্তভুক্ত অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিল, বেলারুশ, বুলগেরিয়া, কলাম্বিয়া, গ্রিস, ইতালি, পাকিস্তান, মালয়েশিয়ার নামও রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/২২২৮ ঘ.
bdnews24