২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার মধ্যে সপ্তাহ শুরু পুঁজি বাজারের

ডিভিডেন্ড দেওয়ার পর প্রথম কার্যদিবসে (এক্স-ডিভিডেন্ড ডে) স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমায় রোববার সপ্তাহের শুরুতেই মন্দার মধ্যে পড়েছে শেয়ার বাজার। লাফার্জ সুরমা সিমেন্ট ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির মতো বড় দুটি প্রতিষ্ঠানের লেকসানও বাজারের পতনে ভূমিকা রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিভিডেন্ড দেওয়ার পর প্রথম কার্যদিবসে (এক্স-ডিভিডেন্ড ডে) স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমায় রোববার সপ্তাহের শুরুতেই মন্দার মধ্যে পড়েছে শেয়ার বাজার। লাফার্জ সুরমা সিমেন্ট ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির মতো বড় দুটি প্রতিষ্ঠানের লেকসানও বাজারের পতনে ভূমিকা রেখেছে। এক্স-ডিভিডেন্ড ডে'তে শেয়ার লেনদেনে নির্দিষ্ট কোনো মূল্যসীমা না থাকায় রোববার স্কায়ার ফার্মার শেয়ার ২৪ দশমিক ৮৯ শতাংশ কমে ৩৪৪৯ টাকা ২৫ পয়সা হয়। গত মার্চে প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ শেয়ার ও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। অবশ্য উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের লাভের ওপর ভর করে রোববার ব্যাংকিং খাত ছিল যথেষ্ট চাঙ্গা। এআইএমএস বাংলাদেশের তহবিল ব্যবস্থাপক ইওয়ার সাইদ বলেন, "সঞ্চয়ী তহবিল, আবাসন খাত ও ব্যাংকিং খাতে নতুন তহবিল যোগ হওয়ায় বাজারকে গতিশীল রেখেছে। ব্যাংকগুলোতে ঋণের চাহিদা কম থাকায়, আবাসন সুবিধার দাম বাড়ায় ও সঞ্চয় খাতে ১০ শতাংশ কর আরোপের কারণে বিনিয়োগকারীরা এসব খাতের শেয়ার লেনদেনে অংশ নিয়েছেন। এছাড়া, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফা, মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণসীমা বৃদ্ধি ও বাজারে নতুন শেয়ারের অন্তর্ভুক্তি বিনিয়োগকারিদের উৎসাহিত করেছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৭ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ২৩৪৩ দশমিক ৪৩ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে ১৯৫০ দশমিক ১৭ পয়েন্ট হয়। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১৫ দশমিক ২০ পয়েন্ট বা ৫ দশমিক ৬৯ শতাংশ কমে ১৯০৮ দশমিক ৪৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬৮ কোটি টাকা। এদিন এক কোটি ৬১ লাখ ৫৯ হাজার ৭৫৪টি শেয়ার লেনদেন হয়। রোববার ডিএসইতে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত ছিল ১৭ টির দাম। ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এদিন সিএসইতে ২০ কোটি এক লাখ ৩০ হাজার টাকার ২৯ লাখ ১২ হাজার ৭৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫১টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল। ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৫৭৩ টাকা এবং ডেসকোর শেয়ারের দাম দশমিক ৫২ শতাংশ বেড়ে ৯৬৬ টাকা হয়েছে। ব্যাংকিং খাতের মধ্যে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৩০২২ টাকা ২৫ পয়সা হয়েছে। গত একবছরে এটাই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ মূল্য। এছাড়া ইউসিবিএল এর শেয়ারের দাম এক দশমিক ৯৪ শতাংশ কমে ৩৫৯৮ টাকা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২০৪৪ ঘ.