সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--লুৎফর রহমান একজন প্রবাসী বাংলাদেশী। চার বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে একটি ডিপার্টমেন্ট স্টোরে কাজ করেন তিনি।
মাস দেড়েক আগে ছুটি নিয়ে দেশে এসেছিলেন টাঙ্গাইলের ভুয়াপুরের বাসিন্দা লুৎফর ।
বৃহস্পতিবার রিয়াদ ফিরে যাওয়ার আগে তার সঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কথা হয়।
লুৎফর রহমান বললেন, ''ফিরে যেতে হবে বলে মনটা বেশ খারাপ। কিন্তু যেতে তো হবেই। আরও বছর চারেক সৌদিতে কাজ করার পর দেশে এসে একটা কিছু করবো।''
দেশে ফিরে কি করবেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আমার পাঠানো টাকায় আব্বা কিছু জমি কিনেছেন। আরও কিছু জমি কিনে বাড়িটা ভালোমতো ঠিক করতে চাই। ছোট বোনদের বিয়ে দিয়ে আব্বার সঙ্গে জমিজমা দেখা-শোনা করবো।''
প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এরকম অনুৎপাদনশীল খাতে ব্যয়ের সর্বব্যাপী প্রবণতা আর আমাদের অর্থনীতিতে তার প্রভাবের বিষয়টি নিয়ে লিখেছেন আবদুর রহিম হারমাছি
শুধু লুৎফর রহমান নয়, ৩৫ থেকে ৪০ লাখ প্রবাসী বাংলাদেশীর পাঠানো রেমিটেন্স দীর্ঘদিন ধরে এভাবেই মূলত: অনুৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে। অথচ এই রেমিটেন্স উৎপাদনশীল খাতে ব্যয় হলে দেশে আরও বেশী বিনিয়োগ হতো। সৃষ্টি হতো নতুন কর্মসংস্থানের। দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্বের অনেকখানি সমাধান হতো। অর্থনৈতিক দিক দিয়ে দেশ আরও এগিয়ে যেতো।
অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকাররা এ অভিমত ব্যক্ত করে বলেছেন, এতদিন সরকারিভাবে কেবল রেমিটেন্স বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু প্রবাসীদের কষ্টার্জিত এই রেমিটেন্সের সঠিক ব্যবহার কোনো সরকারই করেনি। আর এ কারণে বছরের পর বছর রেমিটেন্সের সিংহভাগ অর্থ ব্যয় হচ্ছে ভোগ-বিলাসে। উৎপাদনশীল খাতে এর ব্যবহার হচ্ছে না বললেই চলে।
রেমিটেন্সের টাকায় কিছু দোকানপাট হলেও শিল্পায়ন বা পুঁজিবাজারে প্রায় কিছুই বিনিয়োগ হয়নি। প্রবাসীদের পাঠানো অর্থের বেশির ভাগ ক্ষেত্রেই ভোগ খাতে ব্যবহত হয়। এর ফলে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি বৃদ্ধিতেও রেমিটেন্স অবদান রাখছে। এছাড়া এ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ জমিজমা কেনায় ব্যবহত হয়। এ কারণে শহরের মতো গ্রামাঞ্চলেও এখন জমির দাম বেশ চড়া।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, গত ২০০৬-০৭ অর্থবছরে দেশে ৫৯৮ কোটি ডলার রেমিটেন্স এসেছে যা একটি রেকর্ড। এর আগে বাংলাদেশের ইতিহাসে এক বছরে এত বেশি রেমিটেন্স কখনই আসেনি।
২০০৫-০৬ অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছিল ৪৮০ কোটি ডলার । চলতি ২০০৭-০৮ অর্থবছরেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ৫৬ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আর এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও মজবুত অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ৫১৫ কোটি ডলারের কিছু বেশি।
অর্থনীতিবিদদের মতে, গত কয়েক বছরে এই রেমিটেন্সই সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা। বাণিজ্য ঘাটতি ও বিদেশী বিনিয়োগ প্রবাহে স্থবিরতা সত্ত্বেও রেমিটেন্সের শক্তিশালী প্রবাহ দেশের সামগ্রিক লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত বজায় রাখতে সাহায্য করেছে। কিন্তু এই রেমিটেন্সই আবার সা
bdnews24