২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা

দেশের বিভিন্ন আদালতে বছরের পর বছর ধরে ঝুলে আছে প্রায় সাড়ে ৪ লাখ খেলাপি ঋণের মামলা। প্রায় ৪৬ হাজার ৪৯০ কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ জানানোর ৯০ দিনের মধ্যে এ ধরণের মামলাগুলো নিষ্পত্তি করার আইনি বাধ্যবাধকতা থাকলেও খেলাপিরা হাইকোর্টে রিট আবেদন করায় মামলা জটের সৃষ্টি হয়েছে। এ ধরনের কমপক্ষে ৪৭০টি রিট আবেদন বর্তমানে হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করা সম্ভব হলে ব্যাংকগুলো আর্থিক দিক দিয়ে উপকৃত হওয়ার পাশাপাশি সুদের হার কমানোর ব্যাপারেও উৎসাহিত হতো বলে দাবি করেছেন ব্যাংক কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন আদালতে বছরের পর বছর ধরে ঝুলে আছে প্রায় সাড়ে ৪ লাখ খেলাপি ঋণের মামলা। প্রায় ৪৬ হাজার ৪৯০ কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ জানানোর ৯০ দিনের মধ্যে এ ধরণের মামলাগুলো নিষ্পত্তি করার আইনি বাধ্যবাধকতা থাকলেও খেলাপিরা হাইকোর্টে রিট আবেদন করায় মামলা জটের সৃষ্টি হয়েছে। এ ধরনের কমপক্ষে ৪৭০টি রিট আবেদন বর্তমানে হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করা সম্ভব হলে ব্যাংকগুলো আর্থিক দিক দিয়ে উপকৃত হওয়ার পাশাপাশি সুদের হার কমানোর ব্যাপারেও উৎসাহিত হতো বলে দাবি করেছেন ব্যাংক কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্থ ঋণ আদালত আইন, দেউলিয়া আইন ও পাবলিক ডিমান্ড রিকভারি আইনের অধীনে ৪৬ হাজার ৪৯০ কোটি টাকা ঋণ খেলাপের প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৩০টি মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে। অর্থ ঋণ আদালত, দেউলিয়া আদালতসহ বিভিন্ন আদালতে এসব মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২৪ হাজার কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে দায়ের করা রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মামলার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৭৮। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর দায়ের করা মামলার সংখ্যা ২৩ হাজার ৪৯৪। এ ক্ষেত্রে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা। বাকি মামলাগুলো দায়ের করেছে বিভিন্ন বিশেষায়িত ও বিদেশি ব্যাংক। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টে রিট আবেদন করায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। বড় ঋণ খেলাপীরা রিট আবেদন করছে আর আদালত আমাদের যুক্তি শোনার আগেই স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে।" তিনি বলেন, " অর্থ ঋণ আদালতের বিষয়ে কোনো মামলার শুনানি হলে যেন আমাদের কথা শোনা হয় হাইকোর্টের প্রতি আমরা সে দাবি জানাই।" খেলাপী ঋণের মামলাগুলো দ্রুত নিস্পত্তির জন্য তিনি হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠনেরও দাবি তোলেন। এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একটার পর একটা মামলা করে যাচ্ছি, কিন্তু কোনো মীমাংসা হচ্ছে না। এসব মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও বিশেষ বেঞ্চ গঠন করা দরকার।" কর্মকর্তারা জানান, সরকার ১৯৯০ সালের অর্থ ঋণ আদালত আইন চালু করার পর থেকেই আদালতগুলোতে ঋণখেলাপের অভিযোগে দায়ের করা মামলাগুলোর জট শুরু হয়। ওই বছরের জুন পর্যন্ত ৬৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য মোট ১৫ লাখ ৯৫ হাজার ১৪১টি মামলা করা হয়। এগুলোর ভেতর ১৬ হাজার ৭৪৭ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ১১ লাখ ৫১ হাজার ৩৪২টি মামলার মীমাংসা হয়েছে। বখতিয়ার আহমেদ বলেন, "ধনীরা হাইকোর্টে রিট আবেদন দাখিলের মাধ্যমে ঋণের টাকা উদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি করেন। তারা বিলাসবহুল গাড়ি ব্যবহার, বিদেশ ভ্রমণ ইত্যাদির মাধ্যমে জনগণের টাকা অপচয় করেন।" বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, খেলাপিদের ভেতর যাদের ঋণের পরিমাণ বেশি তারা মামলার কার্যক্রম বন্ধে হাইকোর্টে কমপক্ষে ৪৭০টি রিট দাখিল করেছে। অগ্রণী ব্যাংক প্রধান নির্বাহী আরও বলেন, এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করা সম্ভব হলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থাও ভালো হতো এবং সুদের হার কমানোর ব্যাপারে তারা উৎসাহিত হতো। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আইন অনুসারে লিখিত অভিযোগ দাখিলের ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ৩০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। তিনি বলেন, "কিন্তু মামলার নিষ্পত্তি নির্দিষ্ট সময়ে না হওয়ার কারণ আদালতের অপ্রতুলতা। দ্রুত বিচার সম্পন্ন করতে আদালতের সংখ্যা আরও বাড়ানো উচিত।" সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বলেন, "যদি খেলাপি ঋণের পুরোটাই আদায় করা যায় তাহলে রাষ্টায়ত্ব ব্যাংকগুলোর আথিক অবস্থা সম্পূর্ণ পাল্টে যাবে। সরকারও এটাই চায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/১১২৩ ঘ.