ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সামিট পাওয়ারের রাইট শেয়ার দেওয়ার ঘোষণায় বৃহস্পতিবার চাঙ্গাভাবে সপ্তাহ শেষ করলো শেয়ার বাজার। এসইসি আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে- এমন গুজবও বাজারকে চাঙ্গা করতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি) প্রধান জিয়াউল হক খন্দকার বলেন, "অল্প কিছু ভালো শেয়ারের জন্য বড় অংকের অর্থ ব্যয় করছেন বিনিয়োগকারীরা। শেয়ারের দাম বাড়ায় তহবিলও বাড়ছে যা বাজারের জন্য ভালো। নতুন শেয়ার ছাড়া হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেই মনে হচ্ছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২৩৬১ দশমিক ৩৪ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৯৫০ দশমিক ৭০ পয়েন্ট হয়।
স্কয়ার ফার্মার দাম কমায় ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ২০২৩ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪২ কোটি টাকা। ঢাকার বাজারে বৃহস্পতিবার মোট এক কোটি ৫৪ লাখ ২৭ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার মোট ৩৭ লাখ ৪৭ হাজার ৯৮২টি শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৩ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৪৯২ টাকা হয়েছে। এই প্রতিষ্ঠানের শেয়ারের জন্য এই দাম গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে প্রতিষ্ঠানটি প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে চারটি রাইট শেয়ার ঘোষণা করে।
এদিকে ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ৬৮ শতাংশ কমে ৯৬১ টাকা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার দশমিক ৩৫ শতাংশ কমে ৫৫৯ টাকা হয়।
এবি ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ০৯ শতাংশ বেড়ে ১৭৫৭ টাকা ২৫ পয়সা হয়। শেয়ার কেনার ঝোঁক বাড়ায় উত্তরা ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২৭৪৭ টাকা ৫০ পয়সা হয়।
এদিকে সরকার পরিচালিত পদ্মা ওয়েল কোম্পানির শেয়ার ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৯২৫ টাকা ১০ পয়সা হয়। সরকার শিগগিরই প্রতিষ্ঠানটির কিছু শেয়ার বাজারে ছাড়বে এমন গুঞ্জনের পর এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে।
এর আগে মঙ্গলবার সারকারি মেঘনা ও যমুনা পেট্রেলিয়াম কোম্পানির কিছু শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার।
ওষুধ কোম্পানির মধ্যে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫১ টাকা ১০ পয়সা হয়েছে। তবে স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে।
ভালো মানের শেয়ারের চাহিদার কারণে লাফার্জ সুরমা ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২৩০৫ ঘ.
bdnews24