ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লাগামহীনভাবে বাড়ছে ভোজ্য তেলের দাম। চলতি মাসে অন্তত পাঁচ দফা তেলের দাম বেড়েছে। এর মধ্যে বুধবারই লিটারপ্রতি বেড়েছে দুই থেকে তিন টাকা। আমদানিকারকরা দাবি করছেন, আন্তর্জাতিক বাজার থেকে সময় মতো পণ্য সরবরাহ না আসায় বাড়ছে ভোজ্য তেলের দাম।
ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় ১০টি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এগুলোর আমদানি ঋণের সুদের হার মঙ্গলবার কমিয়ে সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এর পর দিনই তেলের আরও একদফা বেড়েছে।
বুধবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা নতুন করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই বিপাকে পড়েছেন। সাধারণ ভোক্তাদের কাছে তেলের দাম বৃদ্ধির বিভিন্ন কারণ জানাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে খুচরা বিক্রেতাদের। অনেক বিক্রেতা তাদের অসহায়ত্বের কথাও স্বীকার করেছেন অকপটে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন সয়াবিন তেলের দাম বাড়ছে। এখন আপনি যে দামে কিনবেন, হয়ত খানিক পরেই তার দাম আরেকটু বেড়ে যাবে।"
তিনি বলেন, "কোম্পানি কম কম করে তেল ছেড়ে দাম বাড়াচ্ছে। চার কার্টন সয়াবিন তেল চাইলে দেওয়া হচ্ছে এক কার্টন। অনেক কোম্পানি তাও দিচ্ছে না।"
তেলের লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার সঠিক কারণ পাইকারি ব্যবসায়ীদেরও জানা নেই। কোম্পানি থেকে সরবরাহ কম আসছে- এমন দাবি তাদেরও।
মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম হীরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার খোলা সয়াবিন ২৯০০ টাকা মণ দরে বিক্রি করেছি, বুধবার তা বেড়ে হয়েছে ২৯৮০ টাকা।"
বুধবার আট লিটারের রূপচাঁদা, তীর ও পুষ্টি সয়াবিন তেলের দাম পাঁচ থেকে আট টাকা বেড়ে হয়েছে ৬৩৫ টাকা, ৬৩২ টাকা ও ৬৩০ টাকা।
পাঁচ লিটারের রূপচাঁদা, মোস্তফা, তীর ও পুষ্টি সয়াবিন তেলের দাম পাঁচ টাকা বেড়ে হয়েছে ৪০৫ টাকা, ৪০০ টাকা, ৩৯০ টাকা ও ৩৮৬ টাকা।
বুধবার দুই লিটারের রূপচাঁদা, তীর ও পুষ্টি সয়াবিন তেলের দাম আদের দিনের চেয়ে ছয় টাকা বেড়ে হয় ১৭০ টাকা, ১৬৫ টাকা ও ১৬০ টাকা।
এছাড়া নয়শ' মিলিলিটারের রূপচাঁদা, তীর ও পুষ্টি সয়াবিন তেলের দাম দুই থেকে তিন টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা, ৮০ টাকা ও ৭৬ টাকা।
উত্তরার ক্রেতা রিফাত রুমানা শর্মী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার দুই লিটারের রূপচাঁদা সয়াবিন তেল কিনেছি ১৭০ টাকায়। এক সপ্তাহ আগে এই তেল ১০ টাকা কমে কিনেছি।"
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের পুষ্টি সয়াবিন তেলের বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মাসে পুষ্টি সয়াবিন তেলের দাম বেড়েছে পাঁচবার।"
তিনি বলেন, "আগে তিনদিন আগে পে-অর্ডার দিলে সয়াবিন তেল চলে আসত। এখন অর্ডার দিলে ১৫ দিন পরও চাহিদা মতো মাল পাই না। সেজন্য দোকানদারদের চাহিদার অর্ধেকও মেটাতি পারছি না।"
মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বুধবার এক কেজি খোলা সয়াবিন তেলের দাম আগের দিনের চেয়ে দু'টাকা বেড়ে ৮০ টাকা ও পামওয়েল ৭৭ থেকে ৭৮ টাকায় বিক্রি হয়েছে ।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) বুধবারের বাজার দর অনুযায়ী ঢাকায় এক মাসে এক লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ।
অন্যদিকে, কৃষি বিপণন অধিদপ্তরের বুধবারের বাজার দর অনুযায়ী এক মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে চট্টগ্রামে সাত দশমিক ৩০ শতাংশ, রাজশাহীতে ছয় দশমিক ৫৭ শতাংশ ও খুলনায় পাঁচ দশমিক ৭৬ শতাংশ।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির সূত্র উল্লেখ করে বুধবার সয়াবিনের প্রতি লিটারের দাম দেখিয়েছে ৭৪ থেকে ৭৬ টাকা। অথচ টিসিবির হিসাবেই এদিন ঢাকার প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ৭৬ থেকে ৭৭ টাকায়।
ভোজ্য তেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজার থেকে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন আমদানিকারকরা।
আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্র"পের পরিচালক (অপারেশন) তারিক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান সামনে রেখে মুসলিম দেশগুলোতে সয়াবিনের চাহিদা বাড়ায় আমদানি করা সয়াবিন তেলের জাহাজ সময়মতো আসতে পারছে না। এ জন্য বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে।"
প্রসঙ্গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ভোজ্যতেল (পরিশোধিত-অপরিশোধিত), ছোলা, মটর, ডাল, পেঁয়াজ, মসলা ও খেজুর আমদানিতে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দেয়। আগে এইসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকভেদে ১৪ শতাংশ থেকে ১৬ শতাংশ ঋণের সুদের হার ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচএস/এসপি/এসএনডি/২৩০৪ ঘ.
bdnews24