ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার কারণে কৃষি ঋণের বর্ধিত সুদের হার স্থগিত করে আগের আট শতাংশই বহাল রাখছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১ জুলাই ব্যাংকটি কৃষি ঋণের সুদের হার আট শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশ নির্ধারণ করে। একইসঙ্গে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের ক্ষেত্রে এর চেয়ে এক শতাংশ কম হারে সুদের ব্যবস্থা রাখা হয়।
তবে বর্তমান বন্যা পরিস্থিতি ও কৃষকদের আর্থিক অবস্থা বিবেচনা করে কৃষি ঋণের ওপর থেকে বর্ধিত সুদের হার স্থগিত করেছে ব্যাংকটি।
সরকার বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সাত হাজার ৬৯৮ কোটি ৩৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক একাই তিন হাজার ৫৫০ কোটি টাকা ঋণ দেবে। এই কর্মসূচি সফল করতে ব্যাংকটি ৯৪৮টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/এসকে/১৬৪৮
bdnews24