ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী জানিয়েছেন, রূপালী ব্যাংকের হস্তান্তর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে অচিরেই তা কেটে যাবে। সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মেদ বিন আব্দুলরহমানই রূপালী ব্যাংক কিনে নেবেন বলে এখনো আশাবাদী তিনি। তবে এ ব্যাপারে সম্ভাব্য কোনো সময়সীমা তিনি জানাতে পারেননি।
মঙ্গলবার বেসরকারিকরণ কমিশন মিলনায়তনে 'রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ-উত্তর অগ্রগতি' বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
সোলায়মান চৌধুরী বলেন, "সৌদি যুবরাজের প্রতিনিধিরা গত সোমবার আমাকে জানিয়েছেন, তারাই রূপালী ব্যাংকের দায়িত্ব নেবেন।"
তিনি দাবি করেন, ব্যাংক কেনার বিষয়টি যুবরাজ এখনো নাকচ করে দেননি। তবে পাশাপাশি তিনি বলেন, "যুবরাজ বন্দর রূপালী ব্যাংক না কিনলেও আমি কোনো সমস্যা দেখি না। প্রয়োজনে আমরা ব্যংকের শেয়ার পুঁজি বাজারে বিক্রি ছাড়বো।"
কমিশন চেয়ারম্যান জানান, রূপালী ব্যাংক বিক্রির বিষয়ে সৌদি যুবরাজের কোনো বিকল্প এখনো তারা চিন্তা করেননি। ব্যাংক কেনার বিষয়ে যুবরাজ বন্দরকে সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
গত বছর সরকার যুবরাজ বন্দরের কাছে ৩৩০ মিলিয়ন ডলারে রূপালী ব্যাংকের সরকারি মালিকানাধীন ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়। পরে তিনি ১২৮ মিলিয়ন ডলারে বাকি ২৬ ভাগ শেয়ারও তিনি কিনে নেওয়ার প্রস্তাব দেন।
এক সময় ব্যাংকের পুরো শেয়ার এক ব্যাক্তির কাছে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের আপত্তি থাকলেও গত ২২ ফেব্র"য়ারি সৌদি যুবরাজের প্রস্তাবে সম্মতি দেয় সরকার।
বেসরকারি কমিশনের কর্মকর্তারা আশা করেছিলেন, সরকার রাজি হওয়ার পর ব্যাংটির হস্তান্তর প্রক্রিয়া তাড়াতাড়িই শেষ করা যাবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। যুবরাজের 'রহস্যজনক' ঢিলেমির কারণে এখনকার অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন তারা।
সোলায়মান চৌধুরীর নিজের কাছেও এই বিলম্বের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আলাপ আলোচনা শেষ। অধিকাংশ বিষয়ের মিমাংসাও হয়ে গেছে।"
মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান জানান, সরকারি মালিকানা থেকে বেসরকারি হয়েছে এমন প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল, লিজ নবায়ণ ও মামলার মতো বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা করেছে।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কমিশনের মাধ্যমেই বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তিরিত হলেও সেগুলোর নতুন মালিকদের সমস্যাগুলো কমিশন পর্যবেক্ষণ করতে পারছে না। কমিশন বিষয়গুলো জেনে নিয়েছে এবং একে একে এগুলো খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
পাট ও বস্ত্র সচিব আব্দুর রশিদ সরকার ও কমিশন সদস্য নাসিরউদ্দিন আহমেদ এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এফএইচবি/জেকে/২১৫৫ ঘ.
bdnews24