ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুতের শেয়ার লেনদেনের বদৌলতে মঙ্গলবার দিনের মাঝামাঝি ঢাকার পুঁজিবাজার চাঙা হয়ে ওঠে।
গত দুদিন পুঁজিবাজারে লেনদেনে মন্দাভাবের কারণে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। আর এ সুযোগে বিনিয়োগকারীরা শেয়ার কিনতে আগ্রহী হয়ে ওঠায় দিনের শুরু থেকেই বাজার চাঙা হতে শুরু করে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৪ দশমিক ৬১ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ বেড়ে দুই হাজার ২৬৪ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ দশমিক ০৫ এ।
দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৪৯টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২৬টির এবং ১১টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। লেনদেন হয়েছে মোট ৩৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার।
বেলা ১১টা ৫১ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকে সামিট পাওয়ার। এর শেয়ারের দাম এক হাজার ৩০৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ৩৩৮ টাকা হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মার শেয়ারের দাম চার হাজার ৭৯০ টাকা থেকে বেড়ে চার হাজার ৭৯৫ টাকায় লেনদেন হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন ডেসকোর প্রতি শেয়ারের দাম ৮৯১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৯০৯ টাকা ৭৫ পয়সা হয়েছে। এদিকে, গত পাঁচ বছর (১৯৯৮-২০০২) না হওয়া সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠানের ঘোষণায় ইউনাইটেড কর্মার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম তিন হাজার ৪৪৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৪৮৫ টাকা হয়েছে। দাম বেড়েছে সাউথইস্ট ব্যাংকের শেয়ারেরও। এ ব্যাংকটির শেয়ার ৫২৩ টাকা থেকে বেড়ে ৫৩০ টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে।
লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক, এআইএমএস ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও অগ্রণী সিস্টেমের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩৫৭ ঘ.
bdnews24