ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ব্যাপক ক্ষতির প্রেক্ষাপটে চলতি অর্থবছরে তিন হাজার ৫৫০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের বর্ধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি ব্যাংক। গত অর্থবছরে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল তিন হাজার ১৫০ কোটি টাকা।
এ কর্মসূচি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে 'বিশেষ অভিযোগ ও তদারকি সেল'।
রোববার কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা ম. ফজলুল হকের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীদের এক জরুরি সভায় এ সেল গঠন করা হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এবার ঋণ বিতরণ কার্যক্রম জোরদার ও ত্র"টিমুক্ত করা, অনিয়ম ও দীর্ঘসূত্রতা রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 'বিশেষ অভিযোগ ও ঋণ তদারকি সেল' গঠন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সরাসরি তত্ত্বাবধানে প্রধান কার্যালয়, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে গঠিত এ সেল বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন শাখা থেকে ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করবে।
প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপককে (হিসাব) প্রধান করে চার সদস্যবিশিষ্ট, বিভাগীয় স্তরে বিভাগীয় মহাব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এবং আঞ্চলিক পর্যায়ে অঞ্চল প্রধানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট সেল গঠন করা হয়েছে। ঋণ কার্যক্রমে কোনো অনিয়মের অভিযোগ পেলে এই সেলগুলো তাৎক্ষণিকভাবে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে চারদিনের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এছাড়া বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শাখার মেয়াদোউত্তীর্ণ আদায়যোগ্য পাওনা পরবর্তী এক বছরের জন্য পুনঃতফসিল করার কার্যক্রমও এ সেল তদারকি করবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/০২৪৯ ঘ.
bdnews24