ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এসইসি ভুয়া বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ নেওয়ায় সোমবার টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন ঘটেছে পুঁজি বাজারে। এছাড়া বিনিয়োগকারীদের ঋণ সমন্বয়ের জন্য পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার বিক্রি অব্যহত রাখার বিষয়টিও এই মন্দায় ভূমিকা রেখেছে বলে মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি) এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ সমন্বয় এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনের (এসইসি) ভুয়া বিও অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপে বাজারে প্রভাব পড়েছে। ভুয়া বিও অ্যাকাউন্টের বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।"
সোমবার দিনের শুরুতেই বাজারের পতন শুরু হয়। দুপুরের দিকে খানিকটা ঘুরে দাঁড়ালেও দিনের শেষভাগে বিক্রির চাপে বাজার আবার পড়ে যায়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৪ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে ২২৩৯ দশমিক ৭৬ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে ১৮৫৯ দশমিক ৫১ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ১৯৮৭ দশমিক ৫৯ পয়েন্ট হয়।
সোমবার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) মোট ১০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। রোববার লেনদেনের পরিমাণ ছিল ১০৯ কোটি টাকা।
ডিএসইতে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী।
সোমবার সিএসইতে ১২ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা ।
সিএসইতে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭১টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল।
দিনশেষে স্কয়ার ফার্মার শেয়ারের দাম শতকরা ২ ভাগ কমে হয়েছে ৪৭৯০ টাকা। লাফার্জ সুরমার শেয়ারের দাম এক দশমিক ৭২ শতাংশ কমে ৩৮৪ টাকা হয়। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৬৪ শতাংশ কমে ৫২৪ টাকা হয়।
এদিন ডিএসইতে সবচে লেনদেন হওয়া সামিট পাওয়ারের শেয়ার ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৩০৪ টাকা ৫০ পয়সা হয়।
ব্যাংকিং খাতের শেয়ারের মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯১ শতাংশ কমে ৮৯০ টাকা ৭৫ পয়সা এবং পূবালী ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৫ শতাংশ কমে ৮৪১ টাকা হয়েছে। লভ্যাংশ তুলে নেওয়ায় ইউসিবিএল এর শেয়ার ২ দশমিক ০২ শতাংশ কমে ৩৪৪৫ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া রূপালী ও প্রাইম ব্যাংকের শেয়ারের দামও কমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২১১৪ ঘ.
bdnews24