ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত সমস্যাগুলো এখন স্থানীয়ভাবেই সমাধান করা হবে। এ জন্য দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার প্রয়োজন হবে না। কোনো স্থলবন্দরে সমস্যা দেখা দিলে দুই দেশের শুল্ক কর্মকর্তারা স্থানীয়ভাবেই এর সমাধান করবেন।
গত ২৫ ও ২৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের কাস্টমস প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক) ড. রশিদ-উল আহসান চৌধুরী। ওই বৈঠকে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দেন।
রোববার ড. রশিদ-উল আহসান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আমরা ঠিক করেছি, বিভিন্ন স্থলবন্দরের সমস্যা দুদেশের স্থানীয় শুল্ক কর্মকর্তারাই সমাধান করতে পারবেন। সরকারের ওপরের মহলের সিদ্ধান্তের জন্য তাদের বসে থাকতে হবে না।''
তিনি আরো বলেন, ''অতীতে দেখা গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক স্থলবন্দর বন্ধ থেকেছে। এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি পর্যায়ে আলোচনার পরই কেবল এসব সমস্যার সমাধান হয়েছে। ''
রশিদ-উল আহসান বলেন, ''নয়াদিল্লীর বৈঠকে উভয় দেশের স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। যেসব স্থানে ওয়্যার হাউস নেই, বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেসব জায়গায় তা নির্মাণের দাবি জানিয়েছি। ভারতও এ বিষয়ে একমত হয়েছে। তাছাড়া পঞ্চগড়-তেঁতুলিয়া সীমান্তে বাংলাবান্ধা স্থলবন্দরটি সচল রাখার জন্য ভারত সরকারের সহযোগিতা চাওয়া হলে তারা এ ব্যাপারে আশ্বাস দিয়েছে।''
এনবিআর সদস্য জানান, প্রতি ছয় মাস অন্তর দুদেশের মধ্যে কাস্টমস গ্র"পের নিয়মিত বৈঠক ও ট্রাক চলাচলের সময় বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন দুদেশের প্রতিনিধিরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/১০২৬ ঘ.
bdnews24