ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নির্দেশনা মেনে সরকার সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করায় দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতির (এমসিসিআই) সভাপতি লতিফুর রহমান।
রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত 'আন্তর্জাতিক বাণিজ্যে ঋণপত্র-৬০০' শীর্ষক এক কর্মশালা উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।
এমসিসিআই সভাপতি বলেন, "বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আইএমএফ এর নির্দেশনা মেনে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। এতে করে বিনিয়োগ হ্রাস পাবে, মূল্যস্ফীতি আরো বাড়বে, ব্যবসা-বাণিজ্যে দেখা দেবে স্থবিরতা।"
লতিফুর রহমান বলেন, "অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ব্যাংক ঋণের সুদের হার বেশি। এ কারণে ব্যবসা-বাণিজ্যে খরচও অনেক বেশি। ব্যবসায়ীরা সুদের হার কমানোর জন্য বার বার অনুরোধ জানালেও কেন্দ্রীয় ব্যাংক কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ব্যাংক ঋণের সুদের হার কমাতেই হবে। একইসঙ্গে বিনিয়োগ আকর্ষণের জন্য যুগোপযোগী মুদ্রানীতি তৈরি করতে হবে।"
কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন জার্মান সংস্থা জিটিজেড এর প্রকল্প সমন্বয়ক ডায়েটরিখ সুৎজ। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ নিট পণ্য প্রস্তুত ও রপ্তানীকারণ সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক ও আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ভিনসেন্ট ব্রিন।
আনোয়ারুল আলম বলেন, আমাদের ব্যাংকগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে 'ঋণপত্র-৬০০' চালু করলে রপ্তানিক্ষেত্রে জটিলতা অনেক কমে আসবে।
ফজলুল হক বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে অনেক ধরনের বিরোধ সৃষ্টি হয়। এসব বিরোধ নিস্পত্তির জন্য বাংলাদেশে একটি 'আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিস্পত্তি কেন্দ্র' স্থাপন করা উচিৎ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসিবির প্রতি আহ্বান জানান তিনি।
লতিফুর রহমান জানান, আইসিসিবি এ ধরনের একটি কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/বিআর/জেকে/১৯৪৪ ঘ.
bdnews24