ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - একদিকে সাধারণ সূচকের দরপতন অন্যদিকে সার্বিক সূচকের উর্ধ্বগতি- দুয়ে মিলে বৃহস্পতিবার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুুঁজি বাজারে মিশ্রভাব থাকলেও ব্যাংক ও ফার্মাসিউটিক্যালসের শেয়ারের কারণে দিনশেষে কিছুটা তেজীভাব ছিল।
মূলত স্কয়ার ফার্মার কারণে ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম বেড়েছে। স্কয়ারের শেয়ারের দাম শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭৪ টাকা ৭৪ পয়সা হয়েছে।
ব্যাংকিং খাতে এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও রুপালী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
মাঝবেলায় এবি ব্যাংকের শেয়ারের দাম পড়তির দিকে থাকলেও দিনশেষে ব্যাংকটির শেয়ার ১০ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪১ টাকা ২৫ পয়সা হয়েছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ২৩৪০ দশমিক ২০ পয়েন্ট হয়েছে। ডিএসই-- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ২ হাজার ৬১ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৮৯৭ দশমিক ৮৭ পয়েন্ট হয়েছে।
সরকার আইএফআইসির শেয়ারের ৮ দশমিক ৫ শতাংশ বিক্রি করার ঘোষণা দিলে ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে দু হাজার ২৮৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।
আইএফআইসি ব্যাংক বলেছে তারা এনআইবি ব্যাংকে শেয়ার বিক্রি করে ৮০ কোটি টাকা পেয়েছে।
খুব তাড়াতাড়ি রুপালী ব্যাংক সৌদি যুবরাজ বন্দর বিন আবদুল রহমান আল সউদের কাছে হস্তান্তর করে দেওয়া হচ্ছে
bdnews24