ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে, দুর্নীতি বিরোধী চলমান অভিযানের কারনে এ বছর বেশি রাজস্ব আদায় হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, জুলাই মাসে আমদানি শুল্ক খাতে মোট এক হাজার ২৭৪ কোটি ৯৬ লাখ টাকা আদায় হয়েছে। গত বছরের জুলাইয়ে আদায় হয়েছিল এক হাজার ১৬৭ কোটি ২৫ লাখ টাকা। এ খাতে আদায় বেড়েছে ১০৭ কোটি ৭১ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ।
আয়কর খাতে গত মাসে ৫০৯ কোটি ৭২ লাখ টাকা আদায় হয়েছে। গত বছরের একই সময় আদায় হয়েছিল ৩২০ কোটি ৫৩ লাখ টাকা। বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ টাকা। প্রবৃদ্ধি ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এছাড়া ভ্যাটসহ অন্যান্য শুল্ক খাতে জুলাই মাসে ৯৭৫ কোটি ৯৬ লাখ টাকা আদায় হয়। আগের বছর জুলাইয়ে আদায়ের পরিমাণ ছিল ৯৪৩ কোটি ৫০ লাখ টাকা। এ খাতে আদায় বেড়েছে ৩২ কোটি ৪৬ লাখ টাকা। প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৪ শতাংশ।
জুলাই মাসে মোট ২ হাজার ৭৮৩ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২ হাজার ৪৫০ কোটি ৭৫ লাখ টাকা। অর্থবছরের প্রথম মাসে গত বছরের তুলনায় ৩৩২ কোটি ৭৫ লাখ টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে।
রাজস্ব আদায় বৃদ্ধি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''চলমান দুর্নীতি বিরোধী অভিযান রাজস্ব আদায়ে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। কর ফাঁকির প্রবণতা কিছুটা হলেও কমেছে। অনেকে নিজে থেকে এনবিআরে এসে কর দিয়ে যাচ্ছে। এর আগে এমন ঘটনা ঘটেনি।"
তিনি আরো বলেন, ''কর ফাঁকিবাজদের বিভিন্ন মেয়াদে সাজা হচ্ছে। এ বিষয়টিও রাজস্ব আদায় বৃদ্ধিতে প্রভাব ফেলছে। পাশাপাশি এনবিআরের কর্মকর্তারাও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজস্ব আদায় বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএইবি/জিএনএ/২১০০ ঘ.
bdnews24