ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠার পর থেকে গত ৩৪ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক হাজার নয়শ কোটি লোকসান দিয়েছে। এর মধ্যে গত পাঁচ বছরে কেবল ইজারায় উড়োজাহাজ সংগ্রহ করতে গিয়েই দুর্নীতি হয়েছে সাড়ে চার কোটি ডলারের।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে টিআইবি আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, গত চার বছরে বিমানের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত বাবদ খরচ ২১৫ কোটি টাকা থেকে বেড়ে ৪৮৯ কোটি টাকা দাড়িয়েছে। অথচ এ সময়ে উড়োজাহাজের সংখ্যা ১৭ টি থেকে ১৩ টিতে নেমে আসে। পাশাপাশি উড্ডয়ন ঘণ্টা কমেছে ২৫ শতাংশ।
টিআইবি কর্মকর্তা আকতার হোসেন, এ এম শামছুদ্দৌলা ও মোহাম্মাদ নূরে আলমের তৈরি করা প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও আত্মীয়তাকে প্রশ্রয় দিয়ে একটি বা দুটি প্রতিষ্ঠানকে উড়োজাহাজ মেরামতের বেশিরভাগ কাজ দেওয়া হয়। এজন্য প্রতি বছর মেরামত খাতে বিমানের খরচ হওয়া ৯০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকাই অপচয় হয়েছে।
এভাবে গত ৩৪ বছরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বিমানের প্রায় এক হাজার নয়শ কোটি টাকার লোকসান হয় বলে দাবি করেছে টিআইবি।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে উড়োজাহাজ ইজারা নেওয়া বা যন্ত্রাংশ কেনায় অনিয়ম করা হয়- দাবি করে টিআইবির প্রতিবেদনে বলা হয়, "এ জন্য নামকরা সংস্থাগুলো বিমানের দরপত্রে অংশ নিতে উৎসাহ পায় না।"
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন, বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন (অব.) নাসিমুল হকও বক্তব্য রাখেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন টিআইবির প্রতিবেদনকে 'সঠিক' বলে মন্তব্য করে বলেন, "প্রকৃত দুর্নীতির চিত্র আরও ভয়াবহ।"
বিমানের লোকসান কাটিয়ে উঠতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় বন্ধের পাশাপশি মন্ত্রী বা পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের বদলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে একক নির্বাহী ক্ষমতা দেওয়ার সুপারিশ করেন তিনি।
এম এ মোমেন বলেন, "পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) করার পর বিমানকে দায়মুক্ত করা দরকার। এর মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করতে পারবে কোম্পানিটি।"
তিনি জানান, ব্যয় সাশ্রয়ের জন্য পিএলসিতে রূপান্তরের আগেই গত মাসে সংস্থার প্রায় দু'হাজার জনবলকে স্বেচ্ছা অবসর (গোল্ডেন হ্যান্ডশেক) দেওয়া হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতি লিটার জ্বালানি তেল ৪৫ সেন্ট দরে কিনলেও এ দেশে বিমানকে লিটারপ্রতি ৬৮ সেন্ট দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, "জ্বালানি বিক্রির এই নীতি পরিবর্তন করা গেলে শুধু এ খাত থেকেই দুশ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।"
অনুষ্ঠানে বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন (অব.) নাসিম বলেন, "ক্ষমতার উচ্চ কাঠামো থেকে দুর্নীতি শুরু হলে পুরো প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। বিমানে গত ৩৪ বছরে তাই হয়েছে।"
তিনি এভিয়েশন বিশেষজ্ঞ দিয়ে বিমান পরিচালনা করার সুপারিশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৯৪৯ ঘ.
bdnews24