২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে লেনদেন কিছুটা কমেছে

'এ' শ্রেণীর শেয়ারের আর্থিক সমন্বয় সুবিধা তুলে নেওয়ার ব্যাপারে এসইসি'র নির্দেশের কারণে মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। ক্রমাগত ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের লাগাম টেনে ধরতে সোমবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার থেকে এটি কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুঁজিবাজারে মূল্যসূচকে পতন দেখা দেয়। মাত্র দেড়ঘণ্টার মধ্যেই ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্টের মতো কমে যায়। তবে দিনের মাঝামাঝি কিছুটা চাঙ্গাভাব ফিরে পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'এ' শ্রেণীর শেয়ারের আর্থিক সমন্বয় সুবিধা তুলে নেওয়ার ব্যাপারে এসইসি'র নির্দেশের কারণে মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। ক্রমাগত ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের লাগাম টেনে ধরতে সোমবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার থেকে এটি কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুঁজিবাজারে মূল্যসূচকে পতন দেখা দেয়। মাত্র দেড়ঘণ্টার মধ্যেই ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্টের মতো কমে যায়। তবে দিনের মাঝামাঝি কিছুটা চাঙ্গাভাব ফিরে পায়। এআইএমএস বাংলাদেশের প্রধান ইওয়ার সাইদ বলেন, "পুঁজিবাজার অবকাঠামো সমন্বয় সম্পর্কিত প্রাথমিক ধ্বাক্কা কাটিয়ে উঠেছে। সামনের দিনগুলোতে অস্থিতিশীলতা কমে আসবে বলে মনে হচ্ছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্ট বা এক দশমিক ৭২ শতাংশ কমে ২৩৮৪ দশমিক ১৮ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৬ দশমিক ২৯ পয়েন্ট বা এক দশমিক ৩৩ শতাংশ কমে ১৯৩৬ দশমিক ৮৩ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৪ দশমিক ৯৪ পয়েন্ট বা ২ শতাংশ কমে ২১৯২ দশমিক ১৮ পয়েন্ট হয়। পুঁজিবাজার বিশ্লেষক মইন আল কাশেম তার পর্যালোনায় জানান, এসইসি'র নির্দেশনার পরও বাজার তার শক্তিশালী অবস্থান প্রমান করেছে। তিনি বলেন, " দেখা যাচ্ছে এই নির্দেশ জারির পরও বিনিয়োগকারীরা শেয়ার কিনতে আগ্রহী। বাজারে অর্থের প্রবাহ রয়েছে। অন্যথায় বাজার তার শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারতো না।" ২০০৫ থেকে প্রচলিত আর্থিক সমন্বয় সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা আগে কিছু শেয়ার বিক্রির পর পাওনা টাকার ভিত্তিতে একই দিনে নতুন শেয়ার কিনতে পারতেন। কিন্তু এসইসি এই সুবিধা প্রত্যাহার করায় এখন থেকে বিনিয়োগকারীদের বিক্রি করা শেয়ারের নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে একটি শেয়ারের লেনদেন চতুর্থ দিনে নিষ্পত্তি হয়। এসইসি আশা করছে এই পদক্ষেপের ফলে বাজারে তারল্যের প্রবাহ কমবে। সংস্থাটি মনে করছে, অতিরিক্ত তারল্যের প্রবাহ বাজারে শেয়ারের চাহিদা ও দাম বাড়ার জন্য দায়ি। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় কোটি ১১৬। সোমবার ২০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত ছিল ১৩ টির দাম। বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসই-তে মঙ্গলবার ১২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা । সিএসইতে ১৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬২ টির দাম কমেছে এবং ৪ টির দাম অপরিবর্তিত ছিল। মঙ্গলবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৫৭ শতাংশ কমে হয়েছে ৫২৮৪ টাকা ৫০ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৯০৬ টাকা ২৫ পয়সা হয়। প্রতিষ্ঠানটির সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ১১৬৪ টাকা হয়। এরআগে প্রতিষ্ঠানটি চারটি ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৫৭৬ টাকা হয়। ন্যাশনাল ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৮৯ শতাংশ কমে ৯৬৭ টাকা ৫০ পয়সা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল জিকিউ বলপেন, লিজেন্সি ফুট ওয়্যার এবং রূপালী ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ষষ্ঠ আইসবি মিউচুয়াল ফান্ড, সপ্তম আইসবি মিউচুয়াল ফান্ড এবং পিপলস ইন্সুরেন্স। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২১৩৮ ঘ.