২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে ডেরিভেটিভস চালুর কথা বললেন বিশ্লেষকরা

পুঁজি বাজার বিশ্লেষকরা বলেছেন ডেরিভেটিভস চালু করলে শেয়ার বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এ ছাড়া এই আর্থিক ব্যবস্থা বাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে সাহায্য করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 07:27 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঁজি বাজার বিশ্লেষকরা বলেছেন ডেরিভেটিভস চালু করলে শেয়ার বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এ ছাড়া এই আর্থিক ব্যবস্থা বাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে সাহায্য করবে। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়েজিত 'ডেরিভেটিভস এন্ড বুক বিল্ডিং' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, "পুঁজি বাজারে ডেরিভেটিভ চালু করলে পুঁজিবাজারে অর্থের প্রবাহ বাড়বে।" তবে এ ব্যাপারে বিনিয়োগকারী, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সিএসই ইতোমধ্যে ডেরিভেটিভস বিষয়ে একটি প্রস্তাব সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে উত্থাপন করেছে যাতে এ সংক্রান্ত আইনি বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বুক বিল্ডিং ও ডেরিভেটিভ বিষয়ে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন সিএসই'র করপোরেট ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার মো. মাকসুদ-উর-রহমান ও মো. মর্তুজা আলম। ভারতের উদাহরণ দিয়ে এম এ মালেক জানান, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে ডেরিভেটিভের মোট লেনদেন 'ইকুইটি' পণ্যের মোট লেনদেনের চেয়ে বেশি। তিনি বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল পুঁজিবাজার ছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব না। সিএসইর ভাইস প্রেসিডেন্ট নাসিরুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, "বৈচিত্র্যময় পণ্যের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করছি। আমরা আশাবাদী ডেরিভেটিভ দ্রুত আমাদের পুঁজিবাজারের সঙ্গে খাপ খেয়ে যাবে।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই'র প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি সিদ্দিক, পরিচালক বিজন চক্রবর্তী, কর্মকর্তা মো. আতিকুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এসপি/টিএইচ/এমএইচবি/০১১১ ঘ.