ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মূলধন সংগ্রহের জন্য ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আনার উদ্যোগ আপাতত কার্যকর হচ্ছে না। শিল্পোদ্যোক্তাদের বাধার মুখে এ সংক্রান্ত নীতিমালা এখনই কার্যকর করছে না বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নীতিমালাটি এখনই কার্যকর করা হচ্ছে না। তাই বলে এটি বাতিলও হচ্ছে না। নীতিমালাটি শিল্পখাতের প্রবৃদ্ধিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না নিশ্চিত হয়েই কার্যকর করার কথা ভাবা হবে।"
শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, যেহেতু দেশের পুঁজিবাজার যথেষ্ট শক্তিশালী নয়, তাই এই নীতিমালা শিল্পখাতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলো, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ বিষয়ে আপত্তি জানানোর পর বাংলাদেশ ব্যাংক তাদের নীতিমালা প্রকাশের উদ্যোগ থামিয়ে দেয় বলে জানান তিনি।
শিল্পখাতে বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারকে অর্থের একটি বড় উৎস হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের মাঝামাঝি এই নীতিমালা তৈরির উদ্যোগ নেয়। ২০০৬ সালের এপ্রিলে তৈরি এ নীতিমালায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য কোম্পানিগুলোকে পুঁজিবাজারে যাওয়ার বাধ্যবাধকতা আরোপের কথা বলা হয়।
প্রস্তাবিত ওই নীতিমালায় বলা হয়, ২৫ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ২৫ শতাংশ অর্থ পুঁজি বাজার থেকে সংগ্রহ করতে হবে এবং আরো ২৫ শতাংশ মালিকদের কাছ থেকে নিতে হবে। বাকি ৫০ ভাগ ব্যাংক ঋণ নেওয়া যাবে। সেক্ষেত্রে ঋণ ও মূলধনের অনুপাত হবে অর্ধেক-অর্ধেক বা ৫০:৫০।
কিন্তু নীতিমালাটি তৈরির পরপরই মেট্রোপলিটন চেম্বার এ বিষয়ে আপত্তি জানায়। তাদের বক্তব্য, পুঁজি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা এখনো যথেষ্ট জোরালো নয়। এই সময়ে প্রকল্পের আকৃতি অনুসারে বাধ্যতামূলকভাবে প্রাথমিক শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের শর্ত শিল্পখাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তাছাড়া বড় ধরনের প্রকল্পের শেয়ার বাজারে ছাড়ার বাধ্যবাধকতা আরোপ করলেই পুঁজিবাজারে গতিশীলতা আসবে এই ধারণার সঙ্গেও দ্বিমত পোষণ করে তারা।
সে সময় তারা আরও দাবি করে, মুক্তবাজার অর্থনীতিতে একটি প্রতিষ্ঠান কখন পুঁজি বাজারে প্রবেশ করবে তা উদ্যোক্তারাই ঠিক করবে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধতা আরোপ করা উচিৎ নয়। এছাড়া বড় অংকের ঋণের সীমা ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার প্রস্তাব দেন চেম্বার নেতৃবৃন্দ।
এদিকে গত বছর পুঁজি বাজারের ওপর উদ্যোক্তাদের অনাস্থার যুক্তি দেখিয়ে চেম্বারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবের বিরোধিতা করা হলেও গত ছয়মাস ধরে শেয়ারবাজারে চাঙ্গাভাব বিরাজ করছে। এ বিষয়ে শিল্পোদ্যোক্তাদের এখনো আস্থার অভার রয়েছে কিনা জানার জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ছয় মাস যথেষ্ট সময় নয়, ব্যাংক আরো বেশি সময় ধরে বাজার পর্যবেক্ষণ করে তারপরই সিদ্ধান্ত নেবে।
অবশ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান মনে করেন, আগ্রহী কোম্পানিগুলোর পুঁজির যোগান দেওয়ার মতো সামর্থ্য শেয়ারবাজার এরই মধ্যে অর্জন করেতে পেরেছে।
তিনি বলেন, "দৈনন্দিন লেনদেনে কোনো প্রভাব ছাড়াই হাজার কোটি টাকা যোগান দেওয়ার অবস্থা পুঁজিবাজারে রয়েছে।
ট্রাস্টব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, "প্রতিষ্ঠানটি স
bdnews24