ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জুতাসহ চামড়াজাত পণ্য, ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেন বাড়ায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক (ডিজিইএন) ২৪০০ পয়েন্ট অতিক্রম করে রেকর্ড গড়েছে।
কয়েকটি প্রতিষ্ঠান তাদের ষান্মাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করায় বুধবার শেয়ার বাজারে লেনদেনের গতি বাড়ে। এ কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও বীমা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে। প্রকৌশল ও ছোটো প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ বিনিয়োগ করপোরেশনের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, "বাজার দারুণ চাঙ্গা। নতুন মূলধন যুক্ত হওয়ায় এবং কয়েকটি প্রতিষ্ঠান ইতিবাচক আর্থিক প্রতিবেদন প্রকাশ করায় বাজারে লেনদেন বেড়েছে।"
অবশ্য বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিতেও ভোলেননি তিনি।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৩ দশমিক ৭১ পয়েন্ট বা এক দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৪২২ দশমিক ৫৪ পয়েন্ট হয়। এর আগে ১৮ জুলাই পুঁজিবাজারের ডিজিইএন সূচক ২৩০০ পয়েন্ট অতিক্রম করে।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১৯৬২ দশমিক ৪৪ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৪ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ২২২১ দশমিক ৩৬ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ২৩২ কোটি টাকা। আগেরদিন এই বাজারে ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
ব্যাংক, চামড়া, বিদ্যুৎ ও ওষুধ খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম শেয়ার বাজারেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
সিএসইতে বুধবার ৩৭ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা ।
সিএসইতে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৪ টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
বুধবার লেনদেনের তালিকায় শীর্ষে থাকা স্কয়ার ফার্মার মোট লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৭ দশমিক ২১ শতাংশ বেড়ে ৫৩৯৮ টাকা ৫০ পয়সা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৩৮ টাকা ৫০ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৮ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে থাকা এনসিসি ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৩৭৮ টাকা ৭৫ পয়সা হয়।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল মিথুন নিট ওয়্যার, সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও মুন্নু সিরামিক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্সুরেন্স, রাসপিট ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২১৪ ঘ.
bdnews24