ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার চলতি অর্থবছরের জন্য প্রতিশ্র"ত বরাদ্দ এবং গত অর্থবছরের প্রতিশ্র"ত অর্থের যে অংশ ছাড় করা হয়নি শুধু তার জন্যই বিশ্ব ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছে ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, সরকার মনে করে গত অর্থবছরের মার্চ-জুন সময়কালে প্রকল্প বাস্তবায়নে তহবিল ব্যয়ের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমান অর্থবছরেও তা অব্যাহত রয়েছে।
ইআরডির অতিরিক্ত সচিব শহীদুল হক বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বর্তমান গতি বজায় থাকলে সঙ্গত কারণেই অতিরিক্ত অর্থের জন্য আবেদন জানাতে পারি আমরা।"
তিনি বলেন, "গত অর্থবছরের জন্য প্রতিশ্র"ত যে তহবিল ছাড় করা হয়নি সেগুলো ছাড় করার আহ্বান জানাচ্ছি আমরা।"
ইআরডি-র তথ্য অনুসারে, বিশ্ব ব্যাংকের সহজ শর্তে ঋণ দানকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ২০০৬-০৭ অর্থবছরের জন্য প্রতিশ্র"ত ৭১ কোটি মার্কিন ডলারের মধ্যে মাত্র ৩৬ কোটি ৩০ লাখ ডলার ছাড় করেছে। ২০০৫-০৬ অর্থবছরে সংস্থাটির ছাড় করা অর্থের পরিমান ছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার।
কর্মকর্তারা জানান, এক রুদ্ধদ্বার বৈঠকে বিশ্বব্যাংকের কাছে নতুন তহবিল চাওয়া হয়েছে বলে কোনও কোনও পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম মঙ্গলবার হোটেল র্যাডিসনে বিশ্ব ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হন। একটি বেসরকারি টিভি চ্যানেল এবং কয়েকটি সংবাদপত্র জানায়, সরকার চলতি অর্থবছরের ঘাটতি মেটাতে বিশ্ব ব্যাংকের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে।
কর্মকর্তারা এই সংবাদ অস্বীকার করে বলেন, উপদেষ্টা কেবল বিশ্ব ব্যাংকের ইতিমধ্যেই প্রতিশ্র"ত অর্থ ছাড়ের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ।
নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের বাংলাদেশে তাদের কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দিতেই মঙ্গলবারের বৈঠকটি হয়।"
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
২০০৫-০৬ থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত চার বছরের দেশভিত্তিক সহায়তা কৌশলপত্র (সিএএস) অনুযায়ী বিশ্ব ব্যাংকের কাছ থেকে বাংলাদেশের চলতি অর্থবছর আরও ৮৫ কোটি ২০ লাখ ডলার পাওয়ার কথা। এ সহায়তা কৌশলপত্র অনুসারে বিশ্ব ব্যাংক এ চার অর্থবছরে মোট ২৯৬ কোটি ৫৫ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।
ইআরডি'র তথ্য অনুসারে চলতি অর্থবছরে সিএএস সহ বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশের প্রাপ্য অর্থের পরিমাণ প্রায় ১৫০ কোটি ডলার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে ২১১৮ ঘ.
bdnews24