২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ধাক্কা সামলে পুঁজিবাজার চাঙ্গা

এসইসির সতর্কতামূলক ব্যবস্থা সত্ত্বেও ব্যাংক, জ্বালানী এবং ওষুধ উৎপাদন খাতের ভালো মানের ব্লু-চিপ শেয়ার লেনদেন ভালো হওয়ায় মঙ্গলবার শেয়ার বাজার চাঙ্গা ছিল। এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "এসইসির নেওয়া বিশেষ ব্যবস্থাগুলো পুঁজিবাজার সহ্য করে নিয়েছে।" পুঁজিবাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার থেকে এবি ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, সামিট পাওয়ার, ডেসকো এবং ব্র্যাক ব্যাংককে স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দেয়। পাওয়ার গ্রিড ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সেচেঞ্জে সূচকগুলো নেমে গেলেও দিনের শেষভাগে তা আবার বাড়তে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এসইসির সতর্কতামূলক ব্যবস্থা সত্ত্বেও ব্যাংক, জ্বালানী এবং ওষুধ উৎপাদন খাতের ভালো মানের ব্লু-চিপ শেয়ার লেনদেন ভালো হওয়ায় মঙ্গলবার শেয়ার বাজার চাঙ্গা ছিল। এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "এসইসির নেওয়া বিশেষ ব্যবস্থাগুলো পুঁজিবাজার সহ্য করে নিয়েছে।" পুঁজিবাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার থেকে এবি ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, সামিট পাওয়ার, ডেসকো এবং ব্র্যাক ব্যাংককে স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দেয়। পাওয়ার গ্রিড ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সেচেঞ্জে সূচকগুলো নেমে গেলেও দিনের শেষভাগে তা আবার বাড়তে শুরু করে। সালমান এফ রহমানের একটি মামলায় জামিন পাওয়ার কারণে সব বেক্সিমকো শেয়ারের দাম বেড়েছে। কিছু বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বীমা প্রতিষ্ঠানের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগ্রহ বাজারকে চাঙ্গা করেছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৩ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২৩৭৮ দশমিক ৮৩ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১৯৩১ দশমিক ৫৪ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ২২ দশমিক ৮১ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে ২১৬৬ দশমিক ৭৮ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ১৮৭ কোটি টাকা। সোমবার ডিএসইতে ১৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনশেষে ডিএসইতে ১০৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত ছিল ২৪ টির দাম। সিএসইতে সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৬ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা । সিএসইতে ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪০ টির দাম কমেছে এবং ৬ টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার মোট লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে হয়েছে ৫০৩৫ টাকা। এরআগে প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ নগদ এবং ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৫৬৪ টাকা ৫০ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৯১৩ টাকা ৭৫ পয়সা হয়। ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৩৬ টাকা হয়েছে। প্রাইম ব্যাংকের শেয়ার দশমিক ০৬ শতাংশ বেড়ে ৭৬৯ টাকা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল এপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল এবং এপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল টিবিএল, এপেক্স ওয়েভিং এবং জিকিউ বল পেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/১৮০০ ঘ.