ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাটখাত সংস্কারের যুক্তিতে ৪টি রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ও ১৪ হাজার শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শিল্প, বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী বুধবার চট্টগ্রাম, খুলনা ও সিরাজগঞ্জের ৪টি পাটকল বন্ধ করে দিয়ে ৬ হাজার ৩৭৩ জন শ্রমিককে অবসর (গোল্ডেন হ্যান্ডশেক) দেওয়ার স্দ্ধিান্তের কথা জানান। একই সঙ্গে আরো ১৮টি কারখানার ৭ হাজার ৬২৭ জনকেও স্বেচ্ছায় অবসর দেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বৃহস্পতিবার বলেন, পাটখাত সংস্কারের নামে সরকারের এ সিদ্ধান্ত পাটখাতকে রক্ষার বদলে সঙ্কুচিত করবে।
তারা শ্রমিকদের পাওনা পরিশোধ ও পাটকলগুলো চালু করার দাবি করেন এবং এ শিল্পকে রক্ষা করতে দেশী বিশেষজ্ঞদের পরামর্শে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে পাটকলগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জাতীয় ও শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন।
বাসদ নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি প্রমাণ করে যে পাটকলগুলো অলাভজনক হওয়ার মূলে রয়েছে দুর্নীতি ও অব্যবস্থাপনা।
পাট ও পাটশিল্প গণকমিশনের নেতারা এক বিবৃতিতে বলেন, অব্যবস্থাপনার জন্য দায়ী ও দুর্নীতিবাজদের শাস্তি না দিয়ে নিরীহ শ্রমিকদের ছাঁটাই এবং পাটকল বন্ধ করা হবে দেশ ও সামগ্রিক অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
এদিকে শ্রমিকদের মালিকানায় বিরাষ্ট্রীকৃত ময়মনসিংহ পাটকলের বিনিয়োগকারী আব্বাছউল্লাহ'র "দুর্নীতি ও অনিয়ম" বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পাটকল শ্রমিক কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সামছুদ্দিন অভিযোগ করেন মালিকানা গ্রহণের পর থেকে আব্বাছউল্লাহ কৌশলে মিলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য শ্রমিক সমিতিতে ভাঙ্গন সৃষ্টি করেন এবং শ্রমিকদের ওপর নির্যাতন চালান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ এমকে/এসকে ২১৩৯ ঘ.
bdnews24