চট্টগ্রাম, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২২ কোটি টাকা শুল্ক ফাঁকি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ইলিয়াস ব্রাদার্স ট্যাংক টার্মিনালের বন্ড লাইসেন্স বাতিল করেছে।
এই বেসরকারি ট্যাংক টার্মিনালে আমদানি করা ভোজ্যতেল রাখা হয়।
কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন বুধবার রাতে এ লাইসেন্স বাতিল করার আদেশে স্বাক্ষর করেন বলে জানা গেছে। কাস্টমসের যুগ্ম কমিশনার মাশুক হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
কাস্টমস সূত্র জানায়, গত ১৬ মে কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার মতিউর রহমানের নের্তৃত্বে একটি দল তদন্ত শেষে এই টার্মিনালে ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেল কাস্টমস কর্তৃপক্ষের অগোচরে পার করে নেওয়ার ঘটনা উদঘাটন করে। এক্ষেত্রে কাস্টমস কর্র্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ ক্ষেত্রে ২২ কোটি টাকার শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে।
এ তদন্ত প্রতিবেদন দাখিলের ভিত্তিতে এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমএইচবি/২২৩৭ ঘ.
bdnews24