ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ।
বুধবার উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদের নেতৃত্বে ১৫ সদস্যর একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকে এ দাবি জানান। পরিকল্পনা কমিশনের সম্মেলনকক্ষে এ বৈঠকে অন্যদের মধ্যে উইমেন চেম্বারের সহসভাপতি সেলিনা কাদের, কোষাধ্যক্ষ নাজমা আরা হোসাইন উপস্থিত ছিলেন।
বৈঠকে চেম্বার নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এতে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের পূর্ণ বাস্তবায়ন, নারী উদ্যোক্তাদের জন্য তহবিলের পরিমাণ ৪০ কোটি থেকে বাড়িয়ে ৬০ কোটি টাকা করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বাড়াতে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
অর্থ উপদেষ্টা উইমেন চেম্বারের কার্যক্রমের প্রশংসা করে বলেন, নারীদের একটি প্রতিকূল অবস্থান থেকে এগুতে হচ্ছে। তাদের উৎসাহ দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করা দরকার।
চলতি বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বরাদ্দ করা অর্থ দ্রুত ছাড় করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24