ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ টি উড়োজাহাজের বহর থেকে পাঁচটিই এখন বিকল হয়ে পড়ে আছে । বাকী সাতটি উড়োজাহাজ দিয়ে এখন কোনো রকমে রক্ষা করা হচ্ছে ফ্লাইট শিডিউল।
বিমানের একজন কর্মকর্তাকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখন তিনটি ডিসি - ১০, তিনটি এয়ারবাস ও একটি মাত্র একটি এফ - ২৮ উড়োজাহাজ সচল রয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে দুটি ডিসি - ১০, একটি এয়ারবাস ও দুটি এফ - ২৮ এখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বসে আছে।"
বিমানের ওই কর্মকর্তা আরো জানান, উড়োজাহাজ সঙ্কটের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সবকটি রুটের ফ্লাইট শিডিউল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
যান্ত্রিক ত্র"টির কারণে গত রোববারই বিমানের একটি ডিসি - ১০ উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করার সময় অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। ওই উড়োজাহাজটিকেও ঢাকায় এনে মেরামত করা হচ্ছে। বিমানের ডিসি -- ১০ উড়োজাহাজগুলো অন্তত ২০ বছরের পুরনো। আর এয়ারবাসগুলোও কম পুরোনো নয়, সেগুলো আনা হয়েছে ১৯৯০ সালে।
লোকসান কমিয়ে আনতে বিমান গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুট ও মুম্বাইয়ের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়।
এখন মাত্র ২০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালাচ্ছে বিমান।
এছাড়া সাতটি অভ্যন্তরীন রুটের মধ্যে শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ফ্লাইট চালু রাখা হয়েছে। এর ফলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বিমানের যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর ফ্লাইট।
এদিকে অন্য একটি সূত্র জানায়, বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানী (পিএলসি) করার আগে নতুন উড়োজাহাজ আনার কোনো সম্ভবনা নেই। চলতি জুলাই মাসে বিমানকে পিএলসিতে পরিনত করার কথা রয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচারক এমএ মোমেন বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সংস্থাটিকে গতিশীল করতে তাদের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বিমানের বহরে খুব তাড়াতাড়ি সুপরিসর চারটি উড়োজাহাজ সংযোজন করার প্রস্তাবটি এখনো বিবেচনা করছে সরকার ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসি/ ১৬৫৫ ঘ.
bdnews24