খুলনা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়াত্ত পিপলস জুট মিলের সব শ্রমিক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত মিলটি বন্ধ হয়ে গেলেও কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কিছু বলছে না। এদিকে এ ছাঁটাইয়ের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে শ্রমিক পাড়ায় নেমে এসেছে কান্নার রোল।
গত ১৯ এপ্রিল পিপলসসহ খুলনার রাষ্ট্রায়াত্ত চারটি পাট কল লে অফ ঘোষণা করা হয়। পিপলস জুট মিল লে-অফের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। আর এ দিনই আসে ছাঁটাইয়ের নির্দেশ।
পিপলস জুট মিলের প্রকল্প প্রধান মাহবুবুল আলম জানান, সকালে বিজেএমসির মহাব্যবস্থাপক আবু তাহের স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় মিলের অবশিষ্ট তিন হাজার দুই জন শ্রমিক এবং ১৯৭ জন কর্মচারীকে ছাঁটাই করার কথা বলা হয়। রাতে ছাঁটাইকৃতদের নামের তালিকা মিল গেটে টানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বেশ কয়েক দফায় খুলনার চারটি পাটকলের শ্িরমক ছাঁটাই হয়।
লে-অফের সময়সীমা আরও বাড়ানো কিংবা মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রকল্প প্রধান জানান, এ বিষয়ে বিজেএমসি থেকে কোনও নির্দেশনা আসেনি।
এদিকে একসঙ্গে সব শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের মাধ্যমে পাটকল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে- এ ধরনের সংবাদ ছড়িয়ে পড়ায় শ্রমিক পল্লীতে কান্নার রোল ওঠে। অনেকের মধ্যে ক্ষোভও দেখা যায়।
আব্দুল জলিল হাওলাদার, মোছাব্বের আলী, মিনহাজুল, আব্দুল মালেসহ ছাঁটাই হওয়া শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিজেএমসি আমাদের সঙ্গে প্রতারণা করেছে।"
তারা বলেন, "স্ত্রী-সন্তানদের নিয়ে এখন ভিক্ষা করা ছাড়া কোনও উপায় থাকলো না।"
কান্নাজড়িত কণ্ঠে শ্রমিকরা বলেন, "শ্রমিক ছাঁটাইয়ের মধ্য দিয়ে আসলে মিলটি বন্ধই করে দেওয়া হয়েছে। আমাদের বকেয়াও পরিশোধ করা হয়নি। এক বেলা কোনও রকমে খেয়েই দিন চালাত হচ্ছিল। এখন তা আরও কঠিন হয়ে গেল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৪ ঘ.
bdnews24