ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশে আখ থেকে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি বায়ো -- ইথানল এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে জাপানের হোন্ডা ডেনকি কোম্পানি লিমিটেড।
রোববার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিন আইচি হোন্ডা এই প্রস্তাব দেন।
শিল্প উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের চিনি শিল্পের উন্নয়নে বায়ো ইথানল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিনি শিল্পের উন্নয়নে জাপানের বিনিয়োগ প্রস্তাব অত্যন্ত ইতিবাচক।
সিন আইচি হোন্ডা বলেন, বায়ো ইথানল প্রকল্প ছাড়াও এদেশের গরিব মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ ও আবাসন নির্মাণ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানে তারা আগ্রহী। তিনি এ সব প্রকল্পে বাস্তাবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএইচবি/১৮১৩ ঘ.
bdnews24