২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানি হলেও সহসাই বাজারে শেয়ার ছাড়বে না বিমান

বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হলেও সহসাই এর কোনো শেয়ার বাজারে ছাড়া হচ্ছে না। এ মাসেই জাতীয় পতাকাবাহী সংস্থাটি পিএলসিতে রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এম এ মতিন। পিএলসিতে পরিণত হওয়ার পর সরকারের কাছেই বিমানের ১০০ ভাগ শেয়ার থাকছে এই তথ্য জানিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত না হলে এর শেয়ার কেউ কিনতে রাজী হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 06:04 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হলেও সহসাই এর কোনো শেয়ার বাজারে ছাড়া হচ্ছে না। এ মাসেই জাতীয় পতাকাবাহী সংস্থাটি পিএলসিতে রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এম এ মতিন। পিএলসিতে পরিণত হওয়ার পর সরকারের কাছেই বিমানের ১০০ ভাগ শেয়ার থাকছে এই তথ্য জানিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত না হলে এর শেয়ার কেউ কিনতে রাজী হবে না। এই বিবেচনায় সহসাই এর শেয়ার বাজারে ছাড়া হচ্ছে না।" বিমানের ২০০০ কেটি টাকার দায় সরকারই নিচ্ছে জানিয়ে বিমানের শীর্ষ কর্মকর্তা জানান, শুধু জ্বালানি তেলের বকেয়া বাবদই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিমানের কাছে প্রায় দেড় হাজার কোটি টাকা পায়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার কাছে বিমানের বাদবাকী অর্থ বকেয়া আছে। ওই কর্মকর্তা বলেন,"বিমানের ১০০ ভাগ শেয়ার সিভিল এভিয়েশন, পর্যটন করপোরেশন, বিপিসিসহ সরকারের অন্যান্য সংস্থার কাছে বন্টন করা হবে।" অর্থাৎ এর পুরো শেয়ারই সরকারের কাছে থাকছে। পিএলসিতে পরিনত হওয়ার পর সংস্থাটির নামকরণ করা হবে 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড'। এমএ মোমেন বলেন, "বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে গেলে, এতে প্রচুর পরিমানে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু গত ১৫ বছরে তা করা হয়নি। এত বছর ধরে বিমান নিজস্ব অর্থেই চলেছে।" তিনি জানান, সংস্থাটিকে গতিশীল করতে তাদের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে অনুরোধ জানানো হয়েছে, অবিলম্বে বিমানের বহরে সুপরিসর চারটি উড়োজাহাজ সংযোজন করার। এই প্রস্তাবটি এখনো সরকার বিবেচনা করছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই বিমান পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে মার্চ মাসে তৎকালীন বিমান সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। কমিটির সুপারিশে আরো বলা হয়, বিমানকে পিএলসিতে রূপান্তর করার আগে লোকবল চার হাজার ৮০০ থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। এরপর গত জুনে গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি হাতে নেয় বিমান। গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচির আওতায় ১৮৬৩ জন কর্মকর্তা -- কর্মচারিকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে। বিমান কর্মকর্তারা জানান, গত অর্থ বছরে বিমান রেকর্ড পরিমান (১২০ মিলিয়ন মার্কিন ডলার) লোকসান দিয়েছে। এর আগের বছরে এই লোকসানের পরিমান ছিল ৪১ মিলিয়ন মার্কিন ডলার। জ্বালানী তেল কেনা বাবদই গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে সংস্থাটির বকেয়া দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৫৬৪ কোটি টাকা। লোকসান কমিয়ে আনতে বিমান গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুট ও মুম্বাই এর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। তারা এখন মাত্র ২০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালাচ্ছে। এছাড়া সাতটি অভ্যন্তরীন রুটের মধ্যে বিমান শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ফ্লাইট চালু রাখা হয়েছে। এর ফলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বিমানের যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর ফ্লাইট। বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ -- ২৮ উড়োজাহাজ রয়েছে। ডিসি -- ১০ উড়োজাহাজগুলো অন্তত ২০ বছরের পুরনো। আর এয়ারবাসগুলো ১৯৯০ সালে সংগ্রহ করা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১১৫৭ ঘ.