সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকার পরিবর্তন হলেও অর্থবছরের শেষভাগে এসে তড়িঘড়ি করে বার্র্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ ব্যয়ের প্রবণতায় কোনও পরিবর্তন আসেনি। বরং আগের সরকারের মতোই ব্যয় হচ্ছে উন্নয়ন কর্মসূচির বাকি অর্থ।
সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে এ চিত্র।
বর্তমান সরকার ২০০৬-০৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির খরচের পরিমাণ ২৬ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ২১ হাজার ৬০০ কোটি টাকা পুনর্র্নিধারণ করে। তবে এতেও অবস্থার তেমন হেরফের হয়নি।
পরিকল্পনা কমিশনের পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থ বছরের প্রথম ১১ মাসে পুনর্র্নিধারিত ২১ হাজার কোটি টাকার ৬১ শতাংশ ব্যয় হয়েছে উন্নয়ন খাতে। যার পরিমাণ ১৩ হাজার ২০৬ কোটি টাকা।
অর্থ বছরের শেষ মাসে ৮ হাজার ৩৯৪ কোটি টাকা খরচ করে থাকলেই বলা যাবে তত্ত্বাবধায়ক সরকার এডিপির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০৬-০৭ অর্থ বছরে ১৩ হাজার ২০৬ কোটি টাকার মধ্যে প্রথম তিন মাসে ব্যয় করেছিল চার হাজার ২৯৩ কোটি টাকা।
পরিসংখ্যানে আরও দেখা যায়, পাঁচটি মন্ত্রণালয় এবং বিভাগই উন্নয়ন খাতে অধিকাংশ ব্যয় করেছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ খরচ করেছে তিন হাজার ৯৮৬ দশমিক ৭২ কোটি, যোগাযোগ মন্ত্রণালয় এক হাজার ৬৫১ দশমিক ৩৪ কোটি, প্রাথমিক এবং গণশিক্ষা এক হাজার ৩২৯ দশমিক ২৪ কোটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এক হাজার ৯৮ দশমিক ২৬ এবং বিদ্যুৎ বিভাগ এক হাজার ৮৯৪ কোটি টাকা।
২০০৫-০৬ অর্থ বছরে একই সময়ে খরচ করা হয়েছিল মোট বরাদ্দের ৬৩ দশমিক ২৯ শতাংশ।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও অর্থনীতিবিদসহ উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অর্থবছরের গোড়ার দিকে এসে অর্থ খরচ করার বিষয়ে সরকারের সমালোচনা করে আসছিল। তারা বলছে, এটা দুর্নীতিকে উৎসাহিত করছে।
অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, "উন্নয়ন খাতে বরাদ্দ শেষ সময়ে এসে খরচ করার কারণে কাজের মান পড়ে যাচ্ছে।"
দুর্নীতি দমনের পাশাপাশি অন্য বিষয়গুলো নিয়েও সরকারকে চিন্তা-ভাবনা করতে হবে- এ মন্তব্য করে তিনি বলেন, "প্রশাসনকে ঢেলে সাজানোর কাজটি দুর্নীতি দমনের চেয়েও গুরুত্বপূর্ণ"।
এর আগে ফেব্র"য়ারিতে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, অক্টোবর থেকে ডিসেম্বর নাগাদ দেশের রাজনৈতিক অচলাবস্থার কারণেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ব্যাহত হয়েছে।
এ ছাড়া প্রকল্প নির্ধারণে কর্তৃপক্ষের ব্যর্থতা এবং দাতাদের আশ্বাস অনুযায়ী যথেষ্ট সহায়তা না পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৮৮৬টি প্রকল্পের মধ্যে ৪৩টি ছিল নতুন প্রকল্প।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/এমআই/১৫০০ ঘ.
bdnews24