২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গাভাবেই সপ্তাহ শেষ করলো শেয়ার বাজার

লাফার্জ সুরমাসহ বড় সিমেন্ট প্রতিষ্ঠানগুলোর লেনদেনের চাপ থাকায় সপ্তাহের শেষ দিন শেয়ার বাজার ছিল চাঙ্গা। বৃহস্পতিবার বীমা, মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের শেয়ারের লেনদেন ছিল ভালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লাফার্জ সুরমাসহ বড় সিমেন্ট প্রতিষ্ঠানগুলোর লেনদেনের চাপ থাকায় সপ্তাহের শেষ দিন শেয়ার বাজার ছিল চাঙ্গা। বৃহস্পতিবার বীমা, মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের শেয়ারের লেনদেন ছিল ভালো। নাম প্রকাশে অনিচ্ছুক লাফার্জ সিমেন্টের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো ধরনের সুখবর না থাকার পরও সিমেন্ট খাতের শেয়ারের দাম হঠাৎ কেন বাড়লো তা আমার কাছে পরিষ্কার নয়।" অবশ্য মূলধন বাড়ানোর গুঞ্জন থাকায় নয়টি বীমা প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৯ থেকে ১৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও লভ্যাংশ তুলে নেওয়ায় ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমেছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জের প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, "সিমেন্ট খাতের শেয়ারের দাম বাড়ার মানে হচ্ছে বাজারে এই খাতের শেয়ারের চাহিদা বাড়ছে। বিনিয়োগকারীদের চাহিদার কারণেই বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়ছে।" এদিন ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ২১৯৮ দশমিক ৭৩ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে ১৮০৬ দশমিক ১৪ পয়েন্ট হয়। এচাড়া ডিএসই ২০ ব্লুচিপ শেয়ার সূচকও দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ বেড়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৬০ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ২৩ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। সিএসই-৩০ সূচক ছাড়া অন্যসব সূচকই বৃহস্পতিবার উর্ধ্বমুখী ছিল। বৃহস্পতিবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম এক দশমিক ২৪ শতাংশ কমে ৫৯৬ টাকা ৫০ পয়সা হয়। চারটি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পাওয়ায় সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৯৩৩ টাকা হয়। লভ্যাংশ তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৯ শতাংশ কমে ৭৪২ টাকা এবং এক্সিম ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৮৩ শতাংশ কমে ৪১৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। এছাড়া লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম ৭ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪১২ টাকা ৫০ পয়সা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল এমবি ফার্মা, পদ্মা সিমেন্ট ও মেঘনা সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন কেবলস। দিনশেষে ডিএসইতে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। সিএসইতে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২১৩ ঘ.