ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকার পুঁজিবাজার দিনের শুরুর দিকের মন্দাভাব অনেকটা কাটিয়ে মাঝদুপুরে এসে উল্টোমুখী। ব্যাংক, ওষুধ ও বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে বুধবার দিনের মাঝামাঝিতে এসে সূচক কাঁটাও তাই উর্ধ্বমুখী।
মূলত দিনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাজারে আধঘণ্টার জন্য পতন দেখা দিয়েছিল বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বেলা ১২টা ১১ মিনিটের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৬ দশমিক ৮০ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১১ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৮০৭ দশমিক ৭৭ পয়েন্ট।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৫০টির এবং ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
মাঝ-দুুপুর পর্যন্ত বাজারে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৬৬ লাখ টাকা। মঙ্গলবার দিন শেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৯৯ কোটি টাকা।
লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ। এর পর পরই যথাক্রমে শাহজালাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা এবং এক্সিম ব্যাংকের অবস্থান। এর মধ্যে একমাত্র শাহজালাল ব্যাংক ছাড়া বাকি চারটি কোম্পানির শেয়ারের দাম গতকালের তুলনায় কমেছে।
লেনদেনে শীর্ষে থাকা পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৬১০ টাকা থেকে কমে ৬০৮ টাকা ২৫ পয়সায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া শাহজালাল ব্যাংকের শেয়ার ২৫২ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ২৫৩ টাকা ২৫ পয়সা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৭৬১ টাকা ২৫ পয়সা থেকে কমে ৭৫৮ টাকা, স্কয়ার ফার্মা ৩৮০৬ টাকা থেকে ৩৮০০ টাকা এবং এক্সিম ব্যাংকের শেয়ার ৪৩২ টাকা ৫০ পয়সা থেকে কমে ৪২৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
এর বাইরে লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দামও কমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসি/১৩২৭ ঘ.
bdnews24