ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব অপরিবর্তিত রেখে বৃহস্পতিবার ২০০৭-০৮ অর্থ বছরের বাজেট অনুমোদন করেছেন রাষ্ট্রপতি।
বাজেট অনুমোদন শেষে বঙ্গভবন থেকে সচিবালয়ে ফেরার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, "কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির প্রস্তাবিত শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে।"
তবে এনবিআর অফিস আদেশের (এসআরও) মাধ্যমে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির শুল্কহার ৫ শতাংশ কমাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বাজেটে তিন স্তর বিশিষ্ট শুল্ককাঠামো ৫, ১২ ও ২৫ শতাংশ থেকে বাড়িয়ে যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।
বাজেট প্রস্তাব ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বলে আসছেন, এই শুল্ক কাঠামোতে স্থানীয় শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। শুল্ক বাড়ানোর প্রস্তাব অনুমোদন না করার জন্য জোর দাবি জানিয়ে আসছেন তারা।
এ প্রসঙ্গে বদিউর রহমান বলেন, "আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে পাওয়া মতামত বিবেচনা করেছি। জনগণের কল্যাণমূলক দাবিগুলো গ্রহণ করা হয়েছে।"
তিনি জানান, নতুন বাজেটে আমদানি শুল্ককাঠামোয় পরিবর্তন আনা হলেও কম্পিউটার, নিউজপ্রিন্ট, মোবাইল সেটের ওপর থেকে শুল্ক কমানোর ফলে ২০০৭-২০০৮ অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা কমে যাবে।
চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার ৪৭৯ কোটি টাকা। আমরা এখনো সাড়ে ৫ হাজার কোটি টাকা পিছিয়ে আছি।
মে পর্যন্ত ৩২ হাজার কোটি ১৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা রাজস্ব ঘাটতি পূরণের চেষ্টা করছি।
চেয়ারম্যান জানান, গত ৫ জুন থেকে বুধবার পর্যন্ত মাত্র ৪ কোটি টাকা বৈধ করা হয়েছে। বৃহস্পতিবার এক ব্যক্তি একাই এক কোটি টাকা বৈধ করেছেন।
গত ৭ জুন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৭-২০০৮ অর্থ বছরের জন্য ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৫ সালের পর এবারই প্রথম সংসদের বাইরে বাজেট উত্থাপন করা হয়।
রাষ্ট্রপতির কাছে অনুমোদন নেওয়ার আগে প্রস্তাবিত বাজেট সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের মতামত চাওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জেকে/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24